জাতীয়

ঢাকার যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজে গতি বাড়ানোর নির্দেশ

ঢাকার যানজট কমাতে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণকাজে গতি আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের বাধা দূর করে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। তাঁর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে বিদ্যমান পরিকল্পনা সমন্বিতভাবে পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়াতে বলেন প্রধানমন্ত্রী।

প্রকল্প বাস্তবায়নে কী কী বাধা রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করার জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশ দেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button