Business

জেট ফুয়েলের দাম বাড়ল, নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। আজ রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েল কিনতে হবে ১৮২ টাকা ৭১ পয়সায়। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ ডলার।

এর আগে সেপ্টেম্বর মাসে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। আন্তর্জাতিক রুটে এ দাম ছিল প্রতি লিটার ১ দশমিক ০৭৭০ ডলার।

সে হিসাবে অক্টোবর মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। আর আন্তর্জাতিক রুটে প্রতি লিটারে দাম বেড়েছে শূন্য দশমিক ১১১২ ডলার।

দাম সমন্বয়ের কারণ জানিয়ে বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জেট এ-১-এর আন্তর্জাতিক বাজারমূল্য, প্ল্যাটস রেটের গড় এবং ওই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারায় দেওয়া দায়িত্ব ও ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১-এর দাম সমন্বয় করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, বুধবার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button