
মাত্র ৭ পাউন্ড ওজনের চিহুয়াহুয়া জাতের একটি কুকুরছানা এখন মেক্সিকোর ন্যাশনাল গার্ডের সদস্য। বয়স মাত্র ১৩ মাস। আকারে ছোট হলেও নিখোঁজ মানুষ খোঁজা এবং দুর্যোগের সময় অনুসন্ধান ও উদ্ধারকাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাকে।
কুকুরছানাটির নাম ‘কমান্ডো’। চোখে ছোট গগলস, শরীরে মাপমতো সামরিক ট্যাকটিক্যাল ভেস্ট এবং মাথায় হেলমেট। সেই হেলমেটের ওপরও বসানো হয়েছে একটি ক্ষুদ্র ক্যামেরা। মেক্সিকোর সামরিক বাহিনীর ইতিহাসে এটি এখন সবচেয়ে ছোট ও ব্যতিক্রমী চতুষ্পদ সদস্য।
ন্যাশনাল গার্ডের কর্মকর্তারা বলছেন, কমান্ডোকে শুধু জনসাধারণের সামনে প্রদর্শন করা বা দলের মাসকট হিসেবে রাখা হয়নি। তাকে পেশাদার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য।
সামরিক বাহিনীতে সাধারণত বড়, শক্তিশালী ও কর্মক্ষম কুকুর ব্যবহার করা হয়। সেই তুলনায় কমান্ডো একেবারেই আলাদা। তার উচ্চতা মাত্র ২১ সেন্টিমিটার বা প্রায় ৮ ইঞ্চি।
গত সপ্তাহে মেক্সিকো সিটিতে ন্যাশনাল গার্ডের একটি বিশেষ প্রশিক্ষণে কমান্ডোর দক্ষতা দেখা যায়। সেখানে ‘রোকো’ নামের একটি বড় ও পুরোপুরি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের পাশাপাশি অনুশীলন করে সে। সিঁড়ি বেয়ে ওঠা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাধা পেরিয়ে অনায়াসে কসরত দেখায় ছোট্ট কমান্ডো।
ন্যাশনাল গার্ডের লেফটেন্যান্ট ডেবোরা হার্নান্দেজ বলেন, কমান্ডো দুটি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে। একটি হলো, শুধু বড় ও শক্তিশালী কুকুরই সামরিক বাহিনীতে কাজ করতে পারে। অন্যটি হলো, সামরিক বাহিনী সাধারণ মানুষের সঙ্গে উষ্ণ সম্পর্ক তৈরি করতে পারে না।
হার্নান্দেজের ভাষায়, কমান্ডোর উপস্থিতি মানুষকে মনে করিয়ে দেয়, ‘সামরিক পোশাকের নিচে আমরাও প্রকৃতপক্ষে দিন শেষে আবেগপ্রবণ মানুষ।’
কমান্ডো এখন মেক্সিকোর বিভিন্ন রাষ্ট্রীয় বেসামরিক অনুষ্ঠান, স্কুলের কর্মসূচি এবং সামাজিক সচেতনতামূলক প্রচারে নিয়মিত অংশ নিচ্ছে। এরই মধ্যে দেশটির স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য প্যারেডেও অংশ নিয়ে মানুষের নজর কেড়েছে সে।
মেক্সিকোর ন্যাশনাল গার্ডে বর্তমানে প্রায় ৩৫০টি কুকুর রয়েছে। তাদের মধ্যে কমান্ডো সম্পূর্ণ ব্যতিক্রম। বাহিনীর অন্য সদস্যদের বেশির ভাগই জার্মান শেফার্ড ও ল্যাব্রাডর রিট্রিভারের মতো প্রচলিত কর্মক্ষম জাতের কুকুর।
চিহুয়াহুয়া সাধারণত বড় খাড়া কান, চঞ্চল চোখ ও তেজি স্বভাবের জন্য পরিচিত। তবে সামরিক বাহিনী বা বড় ধরনের অভিযানের জন্য এই জাতের কুকুরকে সাধারণত উপযুক্ত মনে করা হয় না। সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে কমান্ডো এখন মেক্সিকোর ন্যাশনাল গার্ডের বিশেষ সদস্য হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।



