অন্য খবর

ভুলে যাওয়ার এই ৪ লক্ষণ হতে পারে আলঝেইমারের সতর্কবার্তা

চাবি কোথায় রেখেছেন, হঠাৎ মনে পড়ছে না। পরিচিত কারও নামও কিছুতেই মনে করতে পারছেন না। কিংবা কোনো ঘরে ঢুকে কেন সেখানে গিয়েছিলেন, সেটিই ভুলে গেছেন। জীবনের কোনো না কোনো সময়ে এমন অভিজ্ঞতা কমবেশি সবারই হয়। বয়স বাড়ার সঙ্গে স্মৃতিশক্তিতে সামান্য পরিবর্তন আসাও স্বাভাবিক।

তবে ভুলে যাওয়ার ঘটনা যদি ঘন ঘন ঘটতে থাকে এবং ধীরে ধীরে দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টিকে শুধু বয়সের স্বাভাবিক পরিবর্তন হিসেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রতিরোধমূলক চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞ স্যান্ড্রা ডার্লিংয়ের মতে, কিছু নির্দিষ্ট পরিবর্তনের দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। এগুলো ডিমেনশিয়া বা আলঝেইমারের সম্ভাব্য সতর্কবার্তা হতে পারে।

১. বারবার অ্যাপয়েন্টমেন্ট বা গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাওয়া

মাঝেমধ্যে কোনো তারিখ, সময় বা কাজ মনে না থাকা স্বাভাবিক। কিন্তু নিয়মিত চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, গুরুত্বপূর্ণ সাক্ষাৎ বা আগে থেকে ঠিক করে রাখা কাজ বারবার ভুলে যেতে থাকলে তা গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে আগের তুলনায় এ ধরনের ঘটনা যদি ক্রমেই বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

২. পরিচিত মানুষের নাম বা পরিচয় মনে না পড়া

কখনো কারও নাম মনে করতে কয়েক মুহূর্ত সময় লাগতেই পারে। কিন্তু পরিচিত মানুষদের নাম বারবার ভুলে যাওয়া কিংবা তাঁদের পরিচয় বা আপনার সঙ্গে তাঁদের সম্পর্ক মনে করতে না পারা নিয়মিত ঘটনায় পরিণত হলে তা স্মৃতিশক্তির পরিবর্তনের একটি সতর্কসংকেত হতে পারে।

৩. একই কথা বা প্রশ্ন বারবার বলা

পরিবারের সদস্য বা কাছের মানুষ যদি লক্ষ্য করেন যে আপনি একই প্রশ্ন বারবার করছেন, একই ঘটনা একাধিকবার বলছেন অথবা কিছুক্ষণ আগের কথোপকথন মনে রাখতে পারছেন না, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এমনকি আগের দিন কী ঘটেছে বা সকালে কী খেয়েছেন, সেটিও মনে করতে না পারা এবং এ সমস্যা ক্রমেই বাড়তে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

৪. পরিচিত কাজ বা জায়গা নিয়ে বিভ্রান্ত হওয়া

প্রতিদিনের পরিচিত কাজ করতে গিয়ে হঠাৎ কীভাবে করতে হবে তা ভুলে যাওয়া কিংবা পরিচিত জায়গায় গিয়েও কোথায় আছেন বা কীভাবে সেখানে যেতে হয় তা বুঝতে না পারা স্বাভাবিক ভুলে যাওয়ার চেয়ে বেশি উদ্বেগের বিষয় হতে পারে। এ ধরনের পরিবর্তন নিয়মিত ঘটলে তা নজরে রাখা জরুরি।

সবসময় আলঝেইমার বা ডিমেনশিয়া নয়

এ ধরনের লক্ষণ দেখা দিলেই যে কারও আলঝেইমার বা ডিমেনশিয়া হয়েছে, এমন নয়। ঘুমের সমস্যা, বিষণ্নতা, থাইরয়েডের সমস্যা, ভিটামিনের ঘাটতি কিংবা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও স্মৃতিশক্তির সমস্যা দেখা দিতে পারে।

তাই বারবার ভুলে যাওয়ার প্রবণতা দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। সমস্যার কারণ দ্রুত শনাক্ত করা গেলে কিছু ক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা বা উন্নতি ঘটানো সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button