
ভিডিও দেখার পাশাপাশি অ্যাপ থেকে সরাসরি পণ্য কেনার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন দুটি সুবিধা চালু করেছে টিকটক। এর একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’, অন্যটি ‘ফর ইউ’ পাতায় ভিডিও দেখার সময় এক ক্লিকেই পণ্য কেনার সুবিধা।
সোমবার নতুন সুবিধা দুটির ঘোষণা দিয়েছে টিকটক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘শপিং অ্যাসিস্ট্যান্ট’ হবে কথোপকথনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী। ব্যবহারকারীর প্রয়োজন বুঝে পণ্য খুঁজে দেওয়া এবং কেনাকাটার সিদ্ধান্ত নিতে সহায়তা করাই হবে এর প্রধান কাজ।
কোনো পণ্য সম্পর্কে জানতে চাইলে এআই সহকারীটি সেই পণ্যের বিস্তারিত তথ্য, সরবরাহের অবস্থা, মাপ এবং পণ্যটি বর্তমানে পাওয়া যাচ্ছে কি না, তা জানাবে। প্রয়োজন হলে কেনাকাটার প্রক্রিয়া সম্পন্ন করতেও সহায়তা করবে এটি।
টিকটকের দাবি, ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনের সময় তাঁর প্রয়োজন ও পছন্দের বিষয়গুলো মনে রাখতে পারবে শপিং অ্যাসিস্ট্যান্ট। পরে এসব তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীর জন্য উপযোগী পণ্যের পরামর্শও দেবে।
অন্যদিকে, নতুন সরাসরি কেনাকাটার সুবিধায় ‘ফর ইউ’ পাতায় ভিডিও দেখার সময়ই কোনো ব্র্যান্ডের পণ্য কেনা যাবে। এ জন্য টিকটক অ্যাপ থেকে বের হয়ে অন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না।
অর্থাৎ, ভিডিও দেখতে দেখতে কোনো পণ্য পছন্দ হলে ব্যবহারকারী একই জায়গা থেকে সেটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং চাইলে সরাসরি কেনাকাটাও করতে পারবেন।
টিকটক জানিয়েছে, নতুন সুবিধাগুলো চালুর জন্য বিভিন্ন বাণিজ্য ও অর্থ পরিশোধ সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সেলসফোর্স, শপিফাই ও স্ট্রাইপ।
এত দিন টিকটকের বাণিজ্যিক কার্যক্রমের মূল কেন্দ্র ছিল ‘টিকটক শপ’। নতুন সুবিধার মাধ্যমে অ্যাপটির অন্যান্য অংশেও কেনাকাটার সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি। ফলে পণ্য কেনার জন্য ব্যবহারকারীদের শুধু টিকটক শপে যেতে হবে না।
টিকটকে কেনাকাটার প্রবণতাও বাড়ছে। গত সপ্তাহে প্রকাশিত টিকটকের একটি অর্থনৈতিক প্রভাবসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির কার্যক্রম ৮ হাজার ১০০ কোটি ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৫ কোটি ৪০ লাখ মার্কিন নাগরিক জানিয়েছেন, টিকটকের ভিডিও দেখে তাঁরা কোনো না কোনো পণ্য কিনেছেন।
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হয় টিকটক শপ। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের হিসাবে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে টিকটক শপের মাধ্যমে প্রায় ১ হাজার ৫৮০ কোটি ডলারের পণ্য বিক্রি হয়েছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক মোট বাণিজ্যের প্রায় ১৮ শতাংশ ছিল এই বিক্রি।



