
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নাঈমুজ্জামানের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় পঞ্চগড়ের ইজিবাইকচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে করা মামলা রয়েছে। এ ছাড়া বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ তাঁর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামানকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। তাঁকে আদালতে তোলাকে কেন্দ্র করে সেখানে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল এসব তথ্য নিশ্চিত করেছেন।
নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে দলের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই আসনের মধ্যে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা রয়েছে।



