
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর যুক্তরাজ্য সফর উপলক্ষে তাঁকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে পূর্ব লন্ডনে সংগঠনটির কার্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব খসরুজ্জামান খসরু। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে স্বাগত জানান। অনুষ্ঠানে তাঁকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমরা জুলাই যুদ্ধ থেকে সরে আসি নাই। আমরা মুক্তিযুদ্ধ থেকে সরে আসি নাই। তবে মুক্তিযুদ্ধের চেয়ে জুলাই যুদ্ধকে বড় গুরুত্ব দেওয়া মানে দেশকে অস্বীকার করা।’
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, সেগুলো একে একে বাস্তবায়ন করা হবে।
দেশে চাঁদাবাজির বিভিন্ন ঘটনা প্রসঙ্গে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, আগে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কেউ মামলা করতেন না। এখন সরকার বাদী হয়ে মামলা করবে। চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার বিশেষ আইন প্রণয়ন করবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং লন্ডনে বসবাসরত কুমিল্লা-৬ আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সংবর্ধনা ও আলোচনা সভায় অংশ নেন।



