সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবে মদিনা থেকে জেদ্দায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাত বাংলাদেশির পরিচয় ও পারিবারিক সম্পর্ক শনাক্ত করা হয়েছে। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তাঁরা সৌদি আরবের ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’র কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য।
কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে।
একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার শাহ আলম, যিনি আলমশাহ নামেও পরিচিত, ও তাঁর মাত্র এক মাস বয়সী কন্যাশিশু।
প্রাথমিকভাবে জানা গেছে, মদিনা শরিফ জিয়ারত শেষে বাংলাদেশিদের বহনকারী একটি গাড়ি বা বাস জেদ্দার দিকে ফিরছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে অথবা পেছন থেকে একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।



