বিদেশে যাওয়ার আগে এজেন্সির লাইসেন্স যাচাই করবেন যেভাবে
ভাগ্য বদলের আশায় বিদেশে চাকরি করতে যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হন। কখনো ভুয়া চাকরির প্রস্তাব, কখনো জাল ভিসা, আবার কখনো লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় বিপুল অঙ্কের টাকা। এসব ঝুঁকি এড়াতে বিদেশে যাওয়ার আগে রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই করা অত্যন্ত জরুরি।
বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য বেসরকারি রিক্রুটিং এজেন্সির সরকারি লাইসেন্স থাকতে হয়। এ লাইসেন্সের নম্বরকে সাধারণত ‘আরএল (RL) নম্বর’ বলা হয়।
কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এ নম্বর সংগ্রহ করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সরকারি ডেটাবেজে যাচাই করা উচিত।
যেভাবে অনলাইনে লাইসেন্স যাচাই করবেন
বিএমইটির অধীন রিক্রুটিং এজেন্টস ইনফরমেশন সিস্টেম (RAIMS) থেকে এজেন্সির লাইসেন্সসংক্রান্ত তথ্য যাচাই করা যায়। এ জন্য প্রথমে https://raims.oep.gov.bd/agencies ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে এজেন্সির নাম অথবা লাইসেন্স নম্বর দিয়ে খুঁজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য দেখতে পারবেন। সরকারি ডেটাবেজে সাধারণত এজেন্সির লাইসেন্স নম্বর, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, অফিসের ফোন নম্বর, লাইসেন্সের অবস্থা এবং লাইসেন্সের মেয়াদসংক্রান্ত তথ্য থাকে।
তথ্য পাওয়ার পর কয়েকটি বিষয় মিলিয়ে দেখা জরুরি-
১. লাইসেন্স নম্বর: এজেন্সির দেওয়া আরএল নম্বরের সঙ্গে সরকারি ডেটাবেজের নম্বর মিলছে কি না।
২. প্রতিষ্ঠানের নাম: লাইসেন্সে থাকা নাম এবং যে প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে যেতে চাইছেন, সেই নাম একই কি না।
৩. লাইসেন্সের অবস্থা: লাইসেন্সটি বর্তমানে ‘Active’ বা সচল অবস্থায় আছে কি না। ‘Expired’ বা মেয়াদোত্তীর্ণ কিংবা ‘Cancelled’ বা বাতিল দেখালে প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রক্রিয়া এগোনোর আগে বিএমইটির কাছ থেকে বিষয়টি নিশ্চিত করতে হবে।
৪. লাইসেন্সের মেয়াদ: লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে কি না, তা যাচাই করতে হবে।
৫. ঠিকানা ও ফোন নম্বর: এজেন্সির দেওয়া ঠিকানা ও যোগাযোগের নম্বরের সঙ্গে সরকারি ডেটাবেজে থাকা তথ্য মিলিয়ে দেখতে হবে।
কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স সচল থাকলেই তাদের দেওয়া প্রতিটি চাকরির প্রস্তাব বা ভিসা বৈধ—এমন নিশ্চয়তা পাওয়া যায় না। তাই এজেন্সির লাইসেন্স যাচাইয়ের পাশাপাশি নির্দিষ্ট চাকরির চাহিদাপত্র, নিয়োগের অনুমতি, নিয়োগকর্তার পরিচয়, ভিসা এবং চাকরির চুক্তিপত্রও যাচাই করা প্রয়োজন।
চাকরির চুক্তিপত্রে বেতন, কাজের ধরন, কর্মঘণ্টা, থাকা-খাওয়ার ব্যবস্থা, ছুটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা স্পষ্টভাবে উল্লেখ আছে কি না, তা ভালোভাবে পড়ে নিতে হবে। কোনো তথ্য অস্পষ্ট থাকলে লিখিত ব্যাখ্যা চাইতে হবে।
অনেক সময় লাইসেন্সধারী এজেন্সির নাম ব্যবহার করে স্থানীয় দালাল বা মধ্যস্থতাকারীরা বিদেশে চাকরির প্রস্তাব দেন। এ ক্ষেত্রে ওই ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট এজেন্সির আনুষ্ঠানিক সম্পর্ক আছে কি না, তা যাচাই করা জরুরি।
আরও পড়ুনঃ লিবিয়ায় ছেলেকে জিম্মি করে মুক্তিপণ আদায়,বাবার কাছে ফের ৪২ লাখ দাবি!
কেবল এজেন্সির নাম বা লাইসেন্স নম্বর ব্যবহার করলেই কোনো মধ্যস্থতাকারী বৈধ হয়ে যান না। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত সরকারি গেজেটের সংশোধনীতে নিবন্ধিত রিক্রুটিং এজেন্টের লিখিত চুক্তির মাধ্যমে ‘অ্যাসোসিয়েট রিক্রুটার’ হিসেবে যুক্ত হওয়ার বিধান উল্লেখ করা হয়েছে। তাই মধ্যস্থতাকারীর পরিচয় ও এজেন্সির সঙ্গে তাঁর আনুষ্ঠানিক সম্পর্কের প্রমাণ চাইতে হবে।
বিদেশে চাকরির জন্য কোনো টাকা দেওয়ার আগে খরচের বিস্তারিত হিসাব ও লিখিত চুক্তি বুঝে নিতে হবে। প্রতিটি লেনদেনের বিপরীতে প্রতিষ্ঠানের নাম, লাইসেন্স নম্বর, টাকার পরিমাণ ও তারিখ উল্লেখ করা রসিদ সংগ্রহ করতে হবে। সম্ভব হলে ব্যক্তিগত নম্বরে বা অনানুষ্ঠানিক মাধ্যমে টাকা না দিয়ে প্রতিষ্ঠানের স্বীকৃত পদ্ধতিতে লেনদেন করা উচিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত চাকরির বিজ্ঞাপন, অপরিচিত ব্যক্তির ফোনকল কিংবা দ্রুত ভিসা দেওয়ার প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হওয়া যাবে না। কোনো এজেন্সি অস্বাভাবিক অঙ্কের টাকা দাবি করলে বা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানালে সতর্ক হতে হবে।
এজেন্সির লাইসেন্স, চাকরির প্রস্তাব কিংবা নিয়োগসংক্রান্ত তথ্য নিয়ে সন্দেহ থাকলে বিএমইটি বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তথ্য নিশ্চিত করা যেতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় থেকেও সহায়তা নেওয়া যায়।
মনে রাখতে হবে, বিদেশে চাকরি করতে যাওয়ার ক্ষেত্রে শুধু এজেন্সির লাইসেন্স যাচাই করাই যথেষ্ট নয়। চাকরির প্রস্তাব, নিয়োগকর্তা, ভিসা, চুক্তিপত্র এবং বিএমইটির প্রয়োজনীয় ছাড়পত্র প্রতিটি ধাপ যাচাই করে বৈধ পথে বিদেশে যাওয়াই প্রতারণা ও আর্থিক ক্ষতি এড়ানোর সবচেয়ে নিরাপদ উপায়।



