রোহিঙ্গাদের দুর্দিনে পাশে দাঁড়ালেন নিউইয়র্কের প্রবাসীরা, একদিনে উঠল ১ কোটি ১০ লাখ টাকা
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
এক দিনের তহবিল সংগ্রহ কর্মসূচিতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন তাঁরা। বৈশ্বিক পর্যায়ে রোহিঙ্গা সংকটের প্রতি মনোযোগ ও মানবিক সহায়তা কমে আসার প্রেক্ষাপটে প্রবাসীদের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) নিউইয়র্কের লং আইল্যান্ডে এ তহবিল সংগ্রহের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি প্রবাসী।
সংগৃহীত অর্থ বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় ব্যয় করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব মুসলিম এইড ফর হিউম্যানিটি (বাসমা)।
প্রতিষ্ঠানটি প্রায় এক দশক ধরে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করছে।
বাসমার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, কক্সবাজারের ১৩, ২১, ৮ ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে নিয়মিতভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। এসব ক্যাম্পে তাদের ৩ টি মেডিকেল সেন্টার রয়েছে। পাশাপাশি ২৫টি অনাথকেন্দ্র পরিচালনা ও সহায়তার সঙ্গে যুক্ত রয়েছে সংস্থাটি।
চিকিৎসাসেবার পাশাপাশি রোহিঙ্গাদের খাদ্য সহায়তা এবং সরকার অনুমোদিত ১০টি স্কুলে শিক্ষার সুযোগ তৈরিতেও কাজ করছে বাসমা। বাংলাদেশের স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের জন্যও রয়েছে তাদের মসজিদ ও অনাথকেন্দ্রভিত্তিক বিভিন্ন প্রকল্প।
প্রতিষ্ঠানটির দাবি, গত প্রায় ১০ বছরে রোহিঙ্গাসহ বাংলাদেশের অন্তত ৮ টি জেলার প্রায় সাড়ে সাত লাখ সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দিয়েছে তারা। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসেবা।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযান ও সহিংসতার মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।
এর আগে আসা শরণার্থীদের সঙ্গে নতুন করে আসা মানুষের সংখ্যা যুক্ত হয়ে কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে বড় মানবিক সংকট তৈরি হয়।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখ ৮ হাজার ১৮।
এর মধ্যে কক্সবাজারে অবস্থান করছেন প্রায় ১১ লাখ ৭৫ হাজার এবং নোয়াখালীর ভাসানচরে রয়েছেন প্রায় ৩৩ হাজার মানুষ।
সংস্থাটির পূর্বাভাস বলছে, স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসন সম্ভব না হলে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির কারণে ২০২৯ সালের শেষ নাগাদ বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে যেতে পারে।
রোহিঙ্গাদের দীর্ঘদিনের আশ্রয় ও মানবিক সহায়তার ব্যয় বাংলাদেশের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর অর্থায়ন কমে যাওয়ায় শরণার্থীশিবিরে খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সুরক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া কঠিন হয়ে উঠছে।
২০২৬ সালের মে মাসে জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর জরুরি প্রয়োজন মেটাতে ৭১০ দশমিক ৫ মিলিয়ন ডলারের সহায়তা আবেদন জানায়। তবে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দাতা দেশ সহায়তা কমিয়ে দেওয়ায় সংকট মোকাবিলার কার্যক্রম আরও চাপে পড়েছে।
এমন পরিস্থিতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রবাসী সংগঠন ও মানবিক সংস্থাগুলোর সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে চিকিৎসা, খাদ্য ও শিশুদের শিক্ষার মতো মৌলিক সেবা অব্যাহত রাখতে বেসরকারি অনুদান সহায়ক ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুনঃ মালয়েশিয়ায় গভীর রাতে ড্রোন দিয়ে ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ আটক ২০৫
নিউইয়র্কভিত্তিক মানবিক সংগঠন সেইভ দ্য পিপলের প্রধান নির্বাহী মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, গত ৭ থেকে ৮ বছর ধরে তিনি দেখছেন, বাসমাসহ বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের সহায়তায় তহবিল সংগ্রহের আহ্বান জানালে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটি আন্তরিকভাবে সাড়া দেয়।
বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কনস্যুলেট এ ধরনের উদ্যোগকে আরও বেশি প্রচার করলে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বড় পরিসরে সহায়তা পাওয়া সম্ভব বলেও মনে করেন তিনি।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত। মিয়ানমারে নিরাপদ পরিবেশ ও নাগরিক অধিকার নিশ্চিত না হওয়ায় প্রত্যাবাসনের পথও সহজ হচ্ছে না। ফলে দীর্ঘমেয়াদে শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।
এ অবস্থায় নিউইয়র্কের বাংলাদেশিদের ১ দিনের তহবিল সংগ্রহে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘটনা প্রবাসীদের মানবিক দায়িত্ববোধ ও দেশের মানুষের প্রতি সংহতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।



