প্রবাস

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১৬ দিনেও নিখোঁজ মাধবপুরের ৬ যুবক

গ্রিস পৌঁছালেন মাসুম, সাগরে নিখোঁজ মাধবপুরের বাকি ৬ যুবক

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে প্লাস্টিকের নৌকাডুবির ঘটনায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক নিখোঁজ হয়েছেন। একই নৌকায় থাকা সাত যুবকের মধ্যে মাসুম মিয়া নামে একজন প্রাণে বেঁচে গ্রিসে পৌঁছেছেন। তবে ঘটনার ১৬ দিন পেরিয়ে গেলেও বাকি ছয়জনের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ স্বজনদের খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ যুবকেরা হলেন—মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে ইকবাল হোসেন সাগর, মনিপুর গ্রামের আসিব আলীর ছেলে সজিব মিয়া, বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের পাবেল ও আতাউর রহমান, কাউড়া গ্রামের উজ্জ্বল এবং বাঘাসুরা গ্রামের নাঈম।

এ ঘটনায় বেঁচে ফেরা মাসুম মিয়া বাঘাসুরা ইউনিয়নের পুরাইকোলা গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। তিনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় অবৈধ পথে গ্রিস যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাসুরা গ্রামের গ্রিসপ্রবাসী হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে ওই যুবকেরা লিবিয়ায় যান। গত ৩১ অক্টোবর সাত যুবকসহ বেশ কয়েকজন যাত্রী একটি প্লাস্টিকের নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন।

মাসুমের পরিবারের সদস্যরা জানান, নৌকাটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। মাঝসমুদ্রে হঠাৎ নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে যাত্রীরা সাগরে পড়ে যান।

মাসুমের বর্ণনা অনুযায়ী, গত ৩১ অক্টোবর হবিগঞ্জের বিভিন্ন উপজেলার ৩৭ জনসহ ৫৪ বাংলাদেশি এবং সুদানের ছয় নাগরিককে ওই নৌকায় করে গ্রিসের উদ্দেশে পাঠানো হয়। ৩ নভেম্বর গ্রিসের একটি দ্বীপের কাছাকাছি পৌঁছালে নৌকাটিতে ছিদ্র দেখা দেয়। সে সময় সাগর ছিল উত্তাল। যাত্রীদের কাউকে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। নৌকায় ধরে থাকার জন্য একটি রশি ছিল। যারা রশিটি ধরে রাখতে পারেননি, তাদের কয়েকজনকে নিজের চোখের সামনে ডুবে যেতে দেখেছেন তিনি।

মাসুম জানান, সন্ধ্যা পর্যন্ত সাগরে ভেসে থাকার পর একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরদিন ভোরে ঢেউ তাকে একটি দ্বীপের কাছে নিয়ে যায়। সেখানে উঠে মানুষের সন্ধান না পেয়ে গাড়ির চাকার দাগ অনুসরণ করে প্রায় দেড় কিলোমিটার হাঁটেন। পরে একটি বাড়িতে পৌঁছালে স্থানীয় লোকজন তাকে খাবার ও একটি গেঞ্জি দেন। এরপর তাকে গ্রিসের কোস্টগার্ডের কাছে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি একটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

এদিকে নিখোঁজ যুবকদের স্বজনদের অভিযোগ, গ্রিসে পাঠানোর কথা বলে হাফিজ মিয়া প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে হাফিজ মিয়া বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’

বাঘাসুরা ইউনিয়নের ইউপি সদস্য নিজাম আহমেদ বলেন, ওই যুবকেরা হাফিজ মিয়ার মাধ্যমে গ্রিস যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন বলে তিনি জেনেছেন। সাতজনের মধ্যে একজন গ্রিসে পৌঁছেছেন। বাকি ছয়জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের পরিবারগুলো খুবই উদ্বিগ্ন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি জানলাম। নিখোঁজ যুবকদের পরিবারগুলো লিখিতভাবে জানালে গুরুত্বসহকারে দেখা হবে।’

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button