প্রবাস২৪ স্পেশাল

আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাস২৪-এর ১৮ পর্বের বিশেষ আয়োজন ‘ফিরে দেখা প্রবাস জীবন’

প্রবাসফেরতদের জীবনসংগ্রাম নিয়ে প্রবাস২৪-এর ১৮ পর্বের আয়োজন

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৬ উপলক্ষে দেশে ফিরে আসা প্রবাসীদের জীবনসংগ্রাম, নানা প্রতিকূলতা এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে ১৮ পর্বের বিশেষ অনুষ্ঠান নির্মাণ করতে যাচ্ছে প্রবাসীদের গণমাধ্যম প্রবাস২৪ ও অনির্বাণ সারভাইভার ভয়েস।

‘ফিরে দেখা প্রবাস জীবন’ শিরোনামের এই বিশেষ আয়োজন আগামী ১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রচারিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রবাস২৪-এর কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এতে প্রবাস২৪-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রকাশক সাইফুল ইসলাম এবং অনির্বাণ সারভাইভার ভয়েসের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির চেয়ারম্যান আল-আমিন নয়ন। আয়োজনটির ট্রাভেল পার্টনার হিসেবে থাকছে প্রবাসী ট্যাক্সি।

আগামী ১৮ ডিসেম্বর শুক্রবার বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি সামনে রেখে প্রবাস২৪-এর এই বিশেষ আয়োজনে তুলে ধরা হবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসা অভিবাসী কর্মীদের জীবনসংগ্রামের বাস্তব চিত্র।

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমালেও নানা প্রতিকূলতা, প্রতারণা, কর্মক্ষেত্রের সংকটসহ বিভিন্ন কারণে অনেক অভিবাসী কর্মীকে দেশে ফিরে আসতে হয়। তাঁদের দেশে ফেরার ঘটনা সংবাদমাধ্যমে উঠে এলেও ফেরার পর নতুন করে জীবন শুরু করার সংগ্রাম, সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা এবং টিকে থাকার লড়াই অনেক সময় আড়ালেই থেকে যায়।

‘ফিরে দেখা প্রবাস জীবন’ অনুষ্ঠানের মাধ্যমে সেই আড়ালে থাকা গল্পগুলোই সামনে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে প্রবাস২৪ ও অনির্বাণ সারভাইভার ভয়েস। প্রতিটি পর্বে উঠে আসবে প্রবাসফেরত কর্মীদের জীবনের নানা অভিজ্ঞতা, দেশে ফিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, তাঁদের প্রতিকূলতা এবং সম্ভাবনার গল্প।

আয়োজকদের প্রত্যাশা, এই বিশেষ আয়োজনের মাধ্যমে প্রবাসফেরত অভিবাসী কর্মীদের বাস্তব জীবনসংগ্রাম ও তাঁদের অভিজ্ঞতা সাধারণ মানুষের সামনে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি অভিবাসীদের সমস্যা, তাঁদের প্রতি সামাজিক দায়বদ্ধতা এবং পুনর্বাসনের প্রয়োজনীয়তা সম্পর্কেও সচেতনতা তৈরি হবে।

আগামী ১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন প্রচারিত হবে ১৮ পর্বের এই বিশেষ আয়োজন। প্রবাস২৪-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পারবেন।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button