জাতীয়

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

বায়ুদূষণের দিক থেকে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা। মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তালিকায় ২৩৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী। এই মাত্রার বায়ুকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আইকিউ এয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তাৎক্ষণিক বায়ুমান সূচকে এ তথ্য দেখা যায়।
তালিকায় ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৯১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর।

ভারতের রাজধানী দিল্লি ১৮৬ স্কোর নিয়ে রয়েছে চতুর্থ অবস্থানে। আর ১৬২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

আইকিউ এয়ার একটি শহরের বায়ুর মান কতটা ভালো বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি’ বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর পর্যন্ত বায়ু সংবেদনশীল ব্যক্তিদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

বায়ুমান সূচক ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে সেই বায়ুকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button