জাতীয়

নভেম্বরে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এই সফরে আসছেন ফরিদা শহীদ। সফরকালে তিনি দেশের সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করবেন।

বিশেষ করে বৈষম্য ছাড়াই মানসম্মত সরকারি শিক্ষায় মানুষের প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়গুলো তার সফরের অন্যতম প্রধান গুরুত্বের জায়গা হবে।

সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ফরিদা শহীদ। এ ছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গেও তিনি কথা বলবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button