জাতীয়

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির চার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও নারীশক্তির ব্যানারে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের থানা মোড় ঘুরে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ও উদ্বেগজনক। একজন জাতীয় রাজনৈতিক নেতার ওপর প্রকাশ্যে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হামলার মধ্য দিয়ে শুধু একজন ব্যক্তিকে আক্রমণ করা হয়নি, বরং ২৪-পরবর্তী দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহনশীলতাকেও প্রশ্নের মুখে ফেলা হয়েছে।

হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে রাজপথে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজ, সাবেক যুগ্ম সমন্বয়ক মো. তাছের, যুবশক্তির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাট, ছাত্রশক্তির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মখলেচুর রহমান আয়াসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে এনসিপি কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছিল। তবে পুলিশ এতে বাধা দিলে মিছিল ও সমাবেশ পণ্ড হয়ে যায়। সেদিন পুলিশ জানিয়েছিল, নিরাপত্তাজনিত কারণে এনসিপিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেওয়া হয়নি।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এবং তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button