
প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্কুল ‘ব্লু স্কাই স্কুল’ পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত স্কুলটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলটির টিউশন ফি অত্যন্ত বেশি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সুবিধা বাড়ানোর পাশাপাশি সাধারণ পরিবারের সন্তানদের ভর্তি সহজ করা এবং ব্যয় কমানোর বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে স্কুলটি পরিদর্শন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা কীভাবে বাড়ানো যায়, তা দেখার নির্দেশ দিয়েছেন।
স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অটিস্টিক শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজনের কারণে একজন শিক্ষককে পাঁচজনের বেশি শিক্ষার্থী সামলানো সম্ভব হয় না। কোনো কোনো শ্রেণিতে একজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষকও রয়েছেন।
তিনি জানান, স্কুলটিতে বিমানবাহিনীর কর্মকর্তাদের সন্তানদের জন্য মাসিক টিউশন ফি ২৫ হাজার টাকা এবং সাধারণ পরিবারের সন্তানদের জন্য ৩০ হাজার টাকা। শিক্ষামন্ত্রীর মতে, এ ব্যয় অত্যন্ত বেশি।
শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় কমিয়ে আনার বিষয়টি বিবেচনা করতে স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও ভবিষ্যতে পরিকল্পনা নেওয়া হবে বলে জানান।
এ সময় স্কুলটিকে সরকারি সহযোগিতা দেওয়ার ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, স্কুলটির আধুনিকায়ন এবং বিশেষায়িত শিক্ষাব্যবস্থার মাধ্যমে অটিজমের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন স্কুলটির গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমোডর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টার্সের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।



