আন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে সাঁজোয়া যান উল্টে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় সাঁজোয়া যান উল্টে ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন সেনাসদস্য।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসরাইলি সেনাবাহিনী জানায়, নিহত কর্মকর্তার নাম ক্যাপ্টেন এলিয়াভ হাইম তজাপালামুস। তাঁর বয়স ২১ বছর। তিনি হাইফার বাসিন্দা ছিলেন। ইসরাইলি সেনাবাহিনীর সপ্তম ব্রিগেডের ৬০৩তম ব্যাটালিয়নের যুদ্ধ প্রকৌশল শাখায় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের লিতানি এলাকায় সামরিক কার্যক্রম চলাকালে একটি হুমভি সামরিক যান উল্টে গেলে তজাপালামুস নিহত হন।

এ ঘটনায় আহত তিন সেনাসদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। আহত সেনাদের পরিবারের সদস্যদেরও বিষয়টি জানানো হয়েছে।

হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ এক বিবৃতিতে তজাপালামুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের মানুষ ও দেশের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে এলিয়াভ প্রাণ হারিয়েছেন।

মেয়র আরও বলেন, এলিয়াভ ছিলেন এমন এক প্রজন্মের তরুণ, যাঁদের সামনে ছিল স্বপ্ন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ। দেশের নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষার জন্য তাঁরা বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়েছে, এলিয়াভের মা হালি হাইফা পৌরসভার একজন কর্মী। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র ও শহরের বাসিন্দারা।

এদিকে দক্ষিণ লেবাননে পৃথক আরেকটি ঘটনায় আরও দুই ইসরাইলি সেনাসদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম কান নিউজ। তাঁদের আঘাতও গুরুতর নয়। কান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবারুদ ব্যবহারে অসতর্কতার কারণে ওই দুই সেনাসদস্য আহত হয়ে থাকতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button