জাতীয়

বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির অভিযোগে অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের সময় তাঁকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায়। ডিবির পক্ষ থেকে জানানো হয়, ওই বাসায় তখন অবৈধ মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন চলছিল।

অভিযান চালিয়ে সেখান থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়েছিল। তাঁদের আটকের খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ঘটনায় জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং জনসমক্ষে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অদক্ষতামূলক এবং বিভাগীয় নিয়মশৃঙ্খলার পরিপন্থী।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী, গত ২৫ অক্টোবর থেকে আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button