যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা, ‘সব পরিস্থিতির জন্য প্রস্তুত’ ইরান

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা হতে পারে বলে আশঙ্কা করছে তেহরান। তবে নতুন করে যুদ্ধ শুরু হলে তা মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে অস্ত্রের উন্নয়ন, নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠা এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশটির সেনারাও সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আব্বাস আরাঘচি। তিনি বলেন, ‘যুদ্ধ বাধার সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। যেকোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। আমাদের অস্ত্রের উন্নয়ন করেছি, দুর্বলতাগুলো নিয়ে কাজ করেছি এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছি। আমাদের সেনারা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় আছে।’
যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব ইরানের অর্থনীতিতে পড়ছে বলেও স্বীকার করেছেন আরাঘচি। তবে অর্থনৈতিক চাপের মুখেও যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের অবস্থানে দৃঢ় থাকব এবং প্রতিরোধ চালিয়ে যাব। নিজেদের সক্ষমতা কাজে লাগিয়েই আমরা এই কঠিন সময় পার করব।’
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি আরও বলেন, কাতারে ইরানের একটি প্রতিনিধিদল আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসবে না তেহরান। বিভিন্ন সংবাদমাধ্যমে ইরানি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সরাসরি আলোচনার খবর প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে জানান তিনি।
এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, আগামী ৪ নভেম্বর ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নির্দেশ দিয়েছেন, ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে ভৌগোলিক সীমা ছাড়াই পাল্টা হামলা চালাতে হবে।



