পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা
গাজীপুর ও আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন তৈরি পোশাকশিল্পের মালিক নেতারা।
আজ সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ গার্মেন্টস মালিক নেতারা উপস্থিত রয়েছেন।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়েছেন। শ্রমিকদের চলমান আন্দোলন, সার্বিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষার বিষয়গুলোকে কেন্দ্র করে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
এদিকে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনকারীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে একই দাবিতে ঢাকার সাভারেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। সাভারের আশুলিয়া এলাকায় শত শত শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুর ও আশুলিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গার্মেন্টস মালিক নেতাদের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।



