
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে ৬ সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন।
নতুন এই মজুরি বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। অন্যদিকে, সংশ্লিষ্ট পোশাকশিল্পের মালিকদের প্রতিনিধি হিসেবে বোর্ডে থাকছেন বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন।
শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পের শ্রমিকদের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
দীর্ঘদিন ধরে পোশাক কারখানার শ্রমিকরা মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন। এই দাবিতে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় এবং গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিল সরকার।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, রোববারই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) মালিক, শ্রমিক প্রতিনিধি ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বিশেষ করে গার্মেন্টস শ্রমিক নেতাদের নিয়ে প্রায় চার ঘণ্টা আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতেই রোববার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, নতুন মজুরি বোর্ড ঘোষণার দিনেও ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক বেতনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা। রোববার রাজধানীর মিরপুর ও গাজীপুরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।
নতুন এই মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যূনতম বেতন কত নির্ধারণ করা হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন পোশাকশিল্পের শ্রমিকরা।



