১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্র না দেওয়ার নির্দেশ
সার্বিয়া-জাপানসহ ১২ দেশে কর্মী পাঠাতে নতুন নির্দেশনা

নির্দিষ্ট ১২টি দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক করেছে সরকার। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এসব দেশে চাকরির উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) না দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।
গতকাল বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা ১২টি দেশ হলো—সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।
নির্দেশনায় বলা হয়েছে, এসব দেশে চাকরির উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের সুস্পষ্ট নিয়োগানুমতি ছাড়া কোনো ধরনের বহির্গমন ছাড়পত্র ইস্যু করা যাবে না। অর্থাৎ, নির্ধারিত সরকারি অনুমোদন ছাড়া এসব দেশে কর্মী পাঠানোর সুযোগ থাকছে না।
একই সঙ্গে এসব দেশে অভিবাসনে আগ্রহী কর্মীদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। নিয়োগপ্রক্রিয়া, মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন ও বহির্গমন ছাড়পত্র নিশ্চিত হওয়ার আগে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দালালচক্র বা কোনো ব্যক্তি চাকরির প্রলোভন দেখিয়ে কর্মীদের যেন বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সরকারি অনুমোদন, বৈধ নিয়োগপ্রক্রিয়া ও নিরাপদ অভিবাসনের বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরই বিদেশযাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
সংশ্লিষ্টদের মতে, এ নির্দেশনার ফলে নির্ধারিত ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি অনুমোদন ও নিয়োগপ্রক্রিয়া যাচাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পাশাপাশি প্রতারণা ও অনিয়মের ঝুঁকি এড়াতে বিদেশগামী কর্মীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।



