প্রবাস

সৌদি রুটে আবারও ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী!

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তাঝুঁকি ও পরিচালনাগত জটিলতার প্রভাবে বাংলাদেশ-সৌদি আরব রুটে ব্যাপক ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে চলাচলকারী মোট ১৮০টি ফ্লাইট বাতিল বা স্থগিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন ২৩ হাজার ৮৫ জন যাত্রী।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

বেবিচকের দেওয়া হিসাব অনুযায়ী, বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ১০৩টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারের ২১টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তাঝুঁকির পাশাপাশি পরিচালনাগত জটিলতার কারণে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হচ্ছে। ফলে সৌদি আরব যাওয়ার অপেক্ষায় থাকা এবং দেশটি থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করা যাত্রীরা বিপাকে পড়েছেন।

আরও পড়ুনঃ অন-অ্যারাইভাল ভিসা চালু করল সৌদি আরব

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে। ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হস্তক্ষেপের পর থেকে বিভিন্ন সময়ে সৌদি আরবের সামরিক স্থাপনা, তেল অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

এই সংঘাতের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতেও। বিভিন্ন সময়ে আকাশপথ ব্যবহারে বিধিনিষেধ, নিরাপত্তা সতর্কতা ও পরিচালনাগত জটিলতার কারণে আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন, বিলম্ব এবং বাতিলের ঘটনা ঘটছে। এর সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচলেও।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button