জাতীয়

মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইট নভেম্বরের শেষ সপ্তাহে: প্রবাসীকল্যাণমন্ত্রী

মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইটের উদ্বোধনে থাকতে পারেন প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। নভেম্বরের শেষ দিক থেকে মালয়েশিয়াগামী কর্মীরা দেশটিতে যাত্রা শুরু করতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এমনকি প্রথম ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকতে পারেন বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত খরচের চেয়ে বেশি অর্থ আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার বাইরে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক করতে অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোর জন্য ১১টি নির্দেশনা জারি করেছেন মন্ত্রী।

নির্দেশনায় বলা হয়েছে—

১. মেডিকেল স্লিপ ইস্যু: ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে ডিমান্ড লেটারে উল্লেখিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে। এর বেশি স্লিপ ইস্যু করা যাবে না।

২. দৈনিক প্রতিবেদন সংরক্ষণ: প্রতিদিন সম্পন্ন হওয়া মেডিকেল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে এবং অনলাইনে পাঠাতে হবে।

৩. তথ্য অনলাইনে জমা: প্রতিটি মেডিকেল পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ মন্ত্রণালয়ে অনলাইনে দাখিল করতে হবে। এতে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।

৪. মেডিকেল পরীক্ষার ফি: মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বেশি অর্থ কোনো কর্মীর কাছ থেকে আদায় করা যাবে না।

৫. ভুয়া প্রতিবেদন ও অপ্রয়োজনীয় পরীক্ষা বন্ধ: একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে একাধিকবার পরীক্ষা করানো যাবে না। ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

৬. মালয়েশিয়ায় গিয়ে আনফিট হলে দায়ভার:  বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট হওয়ার পর মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত কোনো কর্মী আনফিট হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তাঁর দেশে ফেরত পাঠানোসহ যাবতীয় ব্যয় বহন করতে হবে।

৭. আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা: প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম, চিকিৎসাসেবা এবং পর্যাপ্ত বসার ব্যবস্থা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নিয়ম অনুসরণ করে পরীক্ষা সম্পন্ন করতে হবে।

৮. অতিরিক্ত অর্থ আদায় নিষিদ্ধ: মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

৯. শর্ত ভঙ্গের শাস্তি: নির্দেশনার শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

১০. কঠোর মনিটরিং: মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে।

১১. বিলবোর্ড স্থাপন: প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথের সামনে দৃশ্যমান স্থানে বড় আকারের বিলবোর্ড স্থাপন করতে হবে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় নির্ধারিত সীমার মধ্যে রাখা, স্বাস্থ্য পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের অনিয়ম বন্ধ করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট উদ্যোগে গুরুত্ব দেওয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানো নিয়ে অনিশ্চয়তার মধ্যে নতুন করে যাত্রা শুরুর খবরে আশার আলো দেখছেন দেশটিতে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীরা। এখন নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে কর্মী পাঠানোর প্রক্রিয়া বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button