বিমানবন্দরে হঠাৎ নিরাপত্তা জোরদার,যাত্রীদের জন্য নতুন নির্দেশনা
দেশজুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশপথ থেকে শুরু করে আশপাশের সড়ক ও যানবাহন চলাচলের এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি।
বুধবার (১৮ নভেম্বর) বেবিচকের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে বিদ্যমান নিরাপত্তা প্রটোকল কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ করে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি বাড়ানো, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার এবং নিরাপত্তা বাহিনীর নিয়মিত টহল বাড়ানোর কথা বলা হয়েছে।
একই সঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী ব্যক্তিগত গাড়ি, গণপরিবহণসহ সব ধরনের যানবাহনে তল্লাশি আরও সতর্কতার সঙ্গে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা যানবাহনের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে বেবিচক।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিমানবন্দরের বাইরের অংশে নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএনের সদস্যদের আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দর থানাকে আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আসছে কি বড় সুখবর?
শুধু ঢাকার প্রধান বিমানবন্দর নয়, দেশের অন্যান্য বিমানবন্দরেও একই ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেখানেও রাতের সময় নিরাপত্তা টহল, নজরদারি ও পর্যবেক্ষণ চালু রাখতে বলা হয়েছে। অর্থাৎ ফ্লাইট না থাকলেও বিমানবন্দর এলাকার নিরাপত্তায় কোনো শিথিলতা রাখা যাবে না।
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর করতে ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক।
পরিকল্পনা অনুযায়ী, পুলিশের বিদ্যমান এআই ক্যামেরাভিত্তিক নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দরসংলগ্ন এলাকাগুলোকে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে বিমানবন্দরের প্রবেশপথ, আশপাশের সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানে চলাচলকারী যানবাহন ও সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণের সুযোগ বাড়তে পারে।
অন্যদিকে, ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে নিরাপত্তা সদস্যদের সরাসরি টহলের পাশাপাশি প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
বিমানবন্দর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও আন্তর্জাতিক যোগাযোগের প্রবেশদ্বার। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী, দর্শনার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ধরনের যানবাহন এসব এলাকায় চলাচল করে। ফলে নিরাপত্তা ব্যবস্থায় সামান্য দুর্বলতাও যাত্রীসেবা ও বিমান চলাচলের স্বাভাবিক কার্যক্রমে ঝুঁকি তৈরি করতে পারে।
এ কারণে সাম্প্রতিক পরিস্থিতিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্তকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ, গাড়ি পার্কিং এলাকা, টার্মিনালের বাইরের অংশ এবং বিমানবন্দরসংলগ্ন সড়কে নজরদারি বাড়ানো হচ্ছে।
তবে নিরাপত্তা জোরদারের কারণে ফ্লাইট চলাচল বা যাত্রীসেবায় কোনো পরিবর্তন আনা হয়েছে কি না, সে বিষয়ে বেবিচকের পক্ষ থেকে আলাদা কোনো তথ্য জানানো হয়নি।
বেবিচকের নির্দেশনা অনুযায়ী, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশের সব বিমানবন্দরকে সতর্ক অবস্থানে থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করতে হবে।



