প্রবাসমালয়েশিয়া

কাজের সময় হঠাৎ ভূমিধস, মালয়েশিয়ায় প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কেপং এলাকায় ভূমিধসের ঘটনায় মাটিচাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক।

এ ঘটনায় মাটির নিচে আটকে পড়া আরও চার বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তাঁদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট মালয়েশিয়ার (এফআরআইএম) কাছাকাছি কামপুং মেলায়ু কেপং এলাকার জালান ২এ/১ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বয়স ৪১ বছর বলে জানিয়েছে সেন্টুল জেলা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল আনুমানিক ২টা ৩৭ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। সেন্টুল জেলা পুলিশ সদর দপ্তর এবং জিনজাং ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান।

মাটির স্তূপের নিচে চাপা পড়া বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করা হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সেন্টুল জেলা পুলিশপ্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার আনোয়ার বাকরি আব্দুল সালাম জানান, দুর্ঘটনায় আটকে পড়া অন্য চার বাংলাদেশিকেও উদ্ধার করা হয়েছে।

তাঁদের একজন মাথায় আঘাত পেয়েছেন। চিকিৎসা নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বাকি তিনজন অক্ষত আছেন।

নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার ও প্রয়োজনীয় নিরাপত্তা কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আসছে কি বড় সুখবর?

পুলিশপ্রধান জানান, কী কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ।

মালয়েশিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনেও কেপং এলাকার এই দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু এবং আরও চারজনকে উদ্ধারের তথ্য প্রকাশিত হয়েছে। তবে দুর্ঘটনার কারণ কিংবা কর্মস্থলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button