জাতীয়

ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আসছে কি বড় সুখবর?

বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তবে ঢাকায় তার অবস্থান হতে পারে মাত্র ১২ থেকে ১৩ ঘণ্টা। সফর শেষে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর।

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে কোনো বিদেশি সরকারপ্রধানের এটিই প্রথম সফর হতে যাচ্ছে। ফলে কূটনৈতিকভাবে এ সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঢাকা ও কুয়ালালামপুর। দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে শীর্ষ পর্যায়ের বৈঠকে।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, ৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি।

বৈঠকে ২  দেশের চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশেষ করে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ, নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি খাত আলোচনায় গুরুত্ব পেতে পারে।

মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দেশটিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করছেন। কিন্তু নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় এবং কর্মীদের স্বার্থ সুরক্ষার প্রশ্নে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

২০২৪ সালের মে মাসের পর নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হয়।

চলতি বছরের জুনে মালয়েশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খুলে দেওয়া এবং নিয়োগপ্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।

ওই সফরে দুই দেশের যৌথ বিবৃতিতে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাশাপাশি নতুন কর্মী নিয়োগের বিষয়ে দুই দেশের যৌথ কার্যকরী গোষ্ঠী (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) গঠনের সিদ্ধান্ত হয়। বিদ্যমান শ্রমিক নিয়োগসংক্রান্ত সমঝোতা স্মারক পর্যালোচনা করে সময়োপযোগী নতুন সমঝোতা তৈরির বিষয়টিও আলোচনায় আসে।

বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবিত কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়া জানিয়েছে, দেশটির বর্তমান নীতিমালা অনুযায়ী নতুন বিদেশি কর্মীর কোটা নিয়োগকর্তার প্রকৃত চাহিদা ও সংশ্লিষ্ট খাতের সীমা বিবেচনায় নিয়ে অনুমোদন করা হবে।

অর্থাৎ শ্রমবাজার খুললেও সব খাতে বা সব নিয়োগকর্তার জন্য একসঙ্গে কর্মী নেওয়ার সুযোগ তৈরি হবে না।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমানোও সরকারের অন্যতম লক্ষ্য। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০ হাজার কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ কার্যক্রমের প্রথম ধাপে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে চাহিদা ও নিয়োগপ্রক্রিয়ার অগ্রগতির ভিত্তিতে কর্মীসংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বোয়েসেলের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে কর্মীদের কাছ থেকে অভিবাসন ব্যয় না নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সরকারিভাবে অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।

আরও পড়ুনঃ মালয়েশিয়া যেতে সর্বোচ্চ খরচ হবে ২ লাখ টাকা: প্রধানমন্ত্রী

নির্ধারিত ব্যয়ের বাইরে অতিরিক্ত অর্থ আদায় বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে শ্রমবাজার পুনরায় সচল করা, নিয়োগের অনুমোদন দ্রুত করা এবং কর্মীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হলে তা বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২২ জুন প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের ওই সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক হয়।

সফরকালে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ উন্নয়ন ও সহজীকরণে সহযোগিতার বিষয়ে দুটি নোট অব এক্সচেঞ্জ বিনিময় করা হয়।

ওই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জ্বালানি খাতে সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

দুই দেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়েও একমত হয়। ২০২৭ সালের মধ্যে চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে আলোচনা চালানোর কথা যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি মালয়েশিয়ার প্রযুক্তি ও শিল্প খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের দক্ষ জনশক্তি গড়ে তোলার সম্ভাবনাও আলোচনায় আসে।

আনোয়ার ইব্রাহিমের এবারের সফরেও কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) ও নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রের ইঙ্গিত অনুযায়ী, তথ্য ও সম্প্রচার এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে দুই দেশের আলোচনা এখনো চলছে।

সফর প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সফরের কর্মসূচি, দ্বিপক্ষীয় আলোচনার বিষয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, জুনে তারেক রহমানের মালয়েশিয়া সফরে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে সেগুলোর অগ্রগতি পর্যালোচনার সুযোগ তৈরি হবে। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নতুন বিষয়ও আলোচনায় আসতে পারে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক শুধু শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন, প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

মালয়েশিয়ার সেমিকন্ডাক্টর শিল্পে আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। অন্যদিকে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও দক্ষ জনশক্তি তৈরির সম্ভাবনা বাড়ছে।

দুই দেশের যৌথ প্রশিক্ষণ, গবেষণা এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এ খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে।

এ ছাড়া মালয়েশিয়ার হালাল সনদ ও শিল্পব্যবস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের হালাল পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়ানোর বিষয়েও দুই দেশ সহযোগিতা করতে পারে।

জুনের যৌথ বিবৃতিতে হালাল সনদ, নিয়ন্ত্রক কাঠামো, প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা জোরদারের কথা বলা হয়েছে।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম। সে সময় তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

প্রায় দুই বছরের ব্যবধানে আবারও ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এবার তার সফর এমন এক সময়ে হচ্ছে, যখন বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করা এবং কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা করছে।

সব মিলিয়ে আনোয়ার ইব্রাহিমের এ সফরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার, নিরাপদ অভিবাসন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রত্যাশা করছে বাংলাদেশ। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও সমঝোতা নির্ভর করবে দুই দেশের বৈঠক এবং পরবর্তী আলোচনার ওপর।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button