ইউরোপপ্রবাস

ক্ষুধায় সাত-আট দিন খেজুরের বিচি মুখে রেখেছিলেন ফাহিম

আট দিন ভূমধ্যসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, চোখের সামনে হারালেন সহযাত্রীদের

ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি নৌকায় খাবার ও পানির সংকট, উত্তাল ঢেউ আর মৃত্যুর আতঙ্ক—এভাবেই ভূমধ্যসাগরে আট দিনেরও বেশি সময় কাটাতে হয়েছে বাংলাদেশি অভিবাসী তুফায়েল আহমেদ ফাহিমকে। ভয়াবহ সেই যাত্রায় চোখের সামনে সহযাত্রীদের নিখোঁজ হতে দেখেছেন তিনি। নৌকার দুই সুদানি চালকের বিরুদ্ধে দুই বাংলাদেশিকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগও করেছেন ফাহিম।

গ্রিসের একটি ক্যাম্প থেকে ইনফোমাইগ্রেন্টসকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী ফাহিম জানান, সমুদ্রযাত্রার সেই ভয়াবহ স্মৃতি এখনো তাঁকে তাড়া করে বেড়ায়। তাঁর বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়।

ইঞ্জিন বিকল, আট দিন সাগরে ভেসে থাকা

ইউরোপে যাওয়ার আশায় ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়েন ফাহিম। কুয়েত, সৌদি আরব ও মিশর হয়ে পৌঁছান লিবিয়ায়। পরে ৭ জুন লিবিয়ার তব্রুক উপকূল থেকে ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে তাঁদের নৌকা।

যাত্রার দুই দিনের মাথায় নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর উত্তাল সমুদ্রে আটকা পড়েন যাত্রীরা। এভাবে আট দিনেরও বেশি সময় সাগরে ভেসে থাকতে হয় তাঁদের।

ফাহিম জানান, নৌকায় খাবার ছিল মাত্র দুই দিনের। টানা পাঁচ থেকে ছয় দিন স্বাভাবিক পানি পান করার সুযোগ পাননি তিনি। তৃষ্ণা সামলাতে সঙ্গে থাকা তেঁতুল অল্প অল্প করে খেতেন। ক্ষুধার যন্ত্রণায় একটি খেজুরের বিচি সাত থেকে আট দিন মুখে রেখেছিলেন। মৃত্যুর আশঙ্কায় শেষ খাবার হিসেবে পকেটে একটি কাঠবাদামও রেখেছিলেন। পরে মানসিকভাবে বিপর্যস্ত সহযাত্রী অভিকে সেটি দিয়ে দেন।

দুই বাংলাদেশিকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ

ফাহিমের অভিযোগ, নৌকার দুই সুদানি চালক তাঁর এলাকার অভি ও বকুল রিসিকে সাগরে ফেলে দেন। প্রথমবার অভিকে পানিতে ফেলে দেওয়ার পর ফাহিম নিজেই তাঁকে উদ্ধার করে নৌকায় তুলেছিলেন। কিন্তু প্রায় এক ঘণ্টা পর আবারও অভিকে সাগরে ফেলে দেওয়া হয়। এরপর উত্তাল সমুদ্রে তিনি নিখোঁজ হন।

এর আগে জিয়া নামের আরেক বাংলাদেশি যাত্রী ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়েছিলেন। ফাহিমের দাবি, ওই সমুদ্রযাত্রায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

যাত্রাপথে মিশরীয় ও বাংলাদেশি যাত্রীদের মধ্যে বিরোধের কথাও জানিয়েছেন ফাহিম। তাঁর অভিযোগ, খাবার নিয়ন্ত্রণ এবং নৌকার ওপরের অংশে অবস্থান নিয়ে বাংলাদেশিদের মারধর করা হতো। তাঁদের পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি।

ফরাসি নৌবাহিনীর জাহাজে উদ্ধার

১৫ জুন ভূমধ্যসাগরে ফরাসি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ তাঁদের উদ্ধার করে। পরদিন ১৬ জুন ৩৮ জনকে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বন্দরে নেওয়া হয়। ফাহিমের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন বাংলাদেশি, চারজন সুদানি ও নয়জন মিশরীয় ছিলেন।

গ্রিসের হেলেনিক কোস্ট গার্ডের ১৭ জুনের বিজ্ঞপ্তিতেও ৩৮ জন পুরুষ অভিবাসীকে উদ্ধারের তথ্য জানানো হয়। তাঁদের মধ্যে অসুস্থ একজনকে চানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল।

ফাহিম জানান, হাসপাতালে নেওয়া ওই বাংলাদেশির নাম জাহাঙ্গির। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। উদ্ধারের পর সাত থেকে ১০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

দুইবার আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান

উদ্ধারের পর ফাহিম ও অন্যদের প্রায় ১৫ দিন ক্রিটে রাখা হয়। পরে তাঁদের কোস দ্বীপে স্থানান্তর করা হয়। সেখানে আশ্রয়ের আবেদন দুইবার প্রত্যাখ্যাত হওয়ার পর ফাহিমকে একটি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।

ফাহিমের অভিযোগ, ওই কেন্দ্রে খাবারের মান ও চিকিৎসাসেবা নিয়ে সমস্যা রয়েছে। ব্যক্তিগত আইনজীবী নিয়োগের চেষ্টা করেও সফল হননি তিনি। একই নৌকায় থাকা আরও ১২ থেকে ১৩ জন বাংলাদেশি এখনো ওই ক্যাম্পে রয়েছেন বলেও জানান তিনি।

ইউরোপযাত্রায় খরচ ৩০ লাখ টাকা

ইউরোপে পৌঁছাতে ফাহিমের মোট ৩০ লাখ টাকা খরচ হয়েছে। আত্মীয়স্বজনের কাছ থেকে ধার, স্থানীয়ভাবে সুদে টাকা সংগ্রহ এবং বাবার রেখে যাওয়া জমি বিক্রি করে এই অর্থ জোগাড় করেছিলেন তিনি।

ফাহিমের ভাষ্য, লিবিয়ায় মানবপাচারকারীদের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের হাতেও পড়েছিলেন তিনি। সেখান থেকে মুক্তি পেতে তাঁকে বড় অঙ্কের অর্থ দিতে হয়েছিল।

এত কিছুর পরও সমুদ্রযাত্রার ভয়াবহ স্মৃতি ভুলতে পারছেন না ফাহিম। তাঁর কথায়, চোখ বন্ধ করলেই এখনো সমুদ্রের পানি দেখতে পান। সেই অভিজ্ঞতার কথা মনে পড়লে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button