জাতীয়

ইউরোপ যাওয়ার স্বপ্নে লিবিয়া, শেষ পর্যন্ত ফিরতে হলো ১৭৩ বাংলাদেশিকে

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক। ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে লিবিয়ায় যাওয়া এসব বাংলাদেশির অনেকেই সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। এতে সহযোগিতা করেছে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ফিরে আসা বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন।

উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়ায় পাড়ি জমালেও তাদের অনেকের ভাগ্যে জোটে দুর্ভোগ। বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অনেকে লিবিয়ায় অনিশ্চিত পরিস্থিতিতে আটকা পড়ে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন।

বৃহস্পতিবার দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রত্যাবাসিত বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।

ফিরে আসা প্রত্যেক বাংলাদেশিকে প্রাথমিক সহায়তা দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এর মধ্যে রয়েছে দেশে ফেরার পর যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

এ সময় মানবপাচার ও অবৈধভাবে ইউরোপ যাত্রার ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশে ফিরে আসা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

আরও পড়ুনঃ সৌদিতে নারী কর্মীরা কতটা নিরাপদ? নির্যাতনের শিকার হলে কী করবেন

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএমের সমন্বয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্টদের লক্ষ্য হচ্ছে, লিবিয়ায় আটক ও বিপদগ্রস্ত বাংলাদেশিদের শনাক্ত করে প্রয়োজনীয় কাগজপত্র ও ভ্রমণসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে নিরাপদে দেশে ফিরিয়ে আনা।

বাংলাদেশ থেকে অনেকেই উন্নত জীবিকা ও কর্মসংস্থানের আশায় দালাল বা মানবপাচারকারীদের প্রলোভনে লিবিয়াসহ বিভিন্ন দেশে পাড়ি জমান।

বিশেষ করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা ইউরোপের অন্য দেশে পৌঁছানোর প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button