ইউরোপপ্রবাস

ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক প্রবাসীর

কর্মস্থল থেকে সাইকেলে বাসায় ফেরার পথে প্রাইভেটকারের ধাক্কা; মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি

 

পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন কিশোরগঞ্জের ভৈরবের যুবক জুনাইদ আহমেদ (২৩)। নানা বাধা পেরিয়ে ইউরোপের দেশটিতে পৌঁছে নতুন করে জীবন শুরু করেছিলেন তিনি। তবে সেই স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তরুণ প্রবাসী।

গত সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ইতালির বারি এলাকায় কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেটকারের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত জুনাইদ আহমেদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া।

ঝুঁকিপূর্ণ পথে ইতালিতে পাড়ি

পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় যান জুনাইদ। সেখানে বেশ কিছুদিন থাকার পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ ‘ডাঙ্কি’ পথে সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান তিনি।

সম্প্রতি ইতালির একটি প্রতিষ্ঠানে চাকরিও শুরু করেছিলেন জুনাইদ। কিন্তু কর্মজীবন শুরুর অল্প সময়ের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলো।

তিন ভাই ও এক বোনের পরিবারে জুনাইদ ছিলেন স্বপ্নবাজ এক তরুণ। তাঁর এক ভাই ইতালিতে এবং অন্য ভাই মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাস করছেন। পরিবারের জন্য ভালো কিছু করার প্রত্যাশা নিয়েই বিদেশে গিয়েছিলেন তিনি।

মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি

মামাতো ভাই নিশান মিয়া জানান, জুনাইদের ইচ্ছা ছিল নিজেকে প্রতিষ্ঠিত করে পরিবারের পাশে দাঁড়ানোর। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাঁর সেই স্বপ্ন থেমে গেল।

পরিবারের সদস্যরা এখন মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন। দ্রুততম সময়ে মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা চেয়েছেন তাঁরা, যেন বাবা-মা শেষবারের মতো ছেলেকে দেখতে পারেন।

এদিকে জুনাইদের মৃত্যুর খবর ভৈরবের নিজ এলাকায় পৌঁছানোর পর পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের এক যুবকের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। নিহতের পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button