প্রবাস

রোমানিয়ার ভিসার প্রলোভনে মিশরে নিয়ে দুই বাংলাদেশিকে জিম্মি

ইউরোপে উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় বিদেশে পাড়ি দিতে গিয়ে মিশরে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন সাইফুল ও নাইম নামে ২ বাংলাদেশি।

তাঁদের অভিযোগ, রোমানিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে একটি দালালচক্র তাঁদের মিশরে নিয়ে যায়। এরপর প্রায় চার মাস একটি ফ্ল্যাটে আটকে রেখে নির্যাতন, পাসপোর্ট জব্দ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ইউরোপে যাওয়ার আশায় তাঁরা চক্রটিকে মোট ২৬ লাখ ৭০ হাজার টাকা দিয়েছেন বলে দাবি করেছেন।

ভুক্তভোগীদের ভাষ্য, মিশরে পৌঁছানোর পর রোমানিয়ায় পাঠানোর কোনো ব্যবস্থা করা হয়নি। বরং তাঁদের এল-মার্গ এলাকার একটি ফ্ল্যাটে আটকে রাখা হয়।

৪  মাস পর অভিযুক্তরা তাঁদের সেখানে রেখে অন্যত্র চলে যান। পাসপোর্ট ও বৈধ কাগজপত্র না থাকায় এবং নিরাপত্তার হুমকির কারণে তাঁরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

গত বুধবার (২৫ নভেম্বর) রাতে মিশরের রাজধানী কায়রোর বাংলাদেশি অধ্যুষিত এল-মার্গ এলাকার ‘রহমান অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানায় ২ ভুক্তভোগীকে নিয়ে আসেন স্থানীয় কয়েকজন প্রবাসী বাংলাদেশি।

কারখানার স্বত্বাধিকারী মজিবুর ইসলাম তাঁদের সমস্যার কথা জানতে চাইলে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় নিজেদের বিদেশযাত্রার অভিজ্ঞতা, অর্থ দেওয়ার ঘটনা এবং আটকে থাকার দুর্দশার কথা তুলে ধরেন।

ভুক্তভোগীদের দাবি, বাংলাদেশ থেকে মামুন ও সাইফুল নামে ২ ব্যক্তি তাঁদের মিশরে নিয়ে আসেন। সেখানে পৌঁছানোর পর মেহেদি নামে আরেক ব্যক্তির জিম্মায় রাখা হয় তাঁদের। তাঁদের অভিযোগ, মামুন, সাইফুল ও মেহেদি পরস্পরের যোগসাজশে রোমানিয়ায় পাঠানোর আশ্বাস দিয়ে ২৬ লাখ ৭০ হাজার টাকা নিয়েছেন।

এক ভিডিও সাক্ষাৎকারে ২ বাংলাদেশি জানান, মিশরে পৌঁছানোর পর এল-মার্গ এলাকার একটি ফ্ল্যাটে তাঁদের আটকে রাখা হয়। সেখানে প্রয়োজনের তুলনায় কম খাবার দেওয়া হতো এবং বাইরের মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না বলে অভিযোগ তাঁদের।

ভুক্তভোগীদের ভাষ্য, ৪ মাস পর সাইফুল ও মেহেদি তাঁদের ওই ফ্ল্যাটে রেখেই অন্যত্র চলে যান। এরপর তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাঁরা কোথাও কাজ খুঁজে নিতে পারেননি। ফলে বাধ্য হয়ে স্থানীয় বিভিন্ন স্থানে মানুষের সাহায্য নিয়ে দিন কাটাতে হয়েছে।

তাঁরা বলেন, কোনো দিন একবেলা খাবার জুটলেও পরের বেলা না খেয়ে থাকতে হয়েছে। কখনো স্থানীয় বাংলাদেশিদের কাছে সাহায্য চেয়ে, আবার কখনো ভিক্ষা করে খাবার সংগ্রহ করতে হয়েছে।

দুই ভুক্তভোগীর অভিযোগ, তাঁদের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে। কাউকে বিষয়টি জানালে অপহরণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে তাঁরা দীর্ঘদিন ভয়ে কারও কাছে সাহায্য চাইতে পারেননি।

মজিবুর ইসলাম জানান, ভুক্তভোগীদের কাছ থেকে বিস্তারিত জানার পর তিনি মেহেদি ও সাইফুলকে ডেকে নিজের অফিসে নিয়ে আসেন। সেখানে তাঁদের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে মামুন নামে একজন এই ঘটনার মূলহোতা, যিনি মেহেদির চাচা।

তবে অভিযুক্তরা দাবি করেন, তাঁদের সঙ্গে ভুক্তভোগীদের কেবল মিশর পর্যন্ত পৌঁছে দেওয়ার চুক্তি ছিল। রোমানিয়ায় পাঠানোর দায়িত্ব তাঁদের ছিল না বলে তাঁরা জানান।

মজিবুর ইসলামের ভাষ্য, এ সময় মেহেদি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য বলে পরিচয় দেন। তাঁর দাবি, বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মামলার পরোয়ানা রয়েছে এবং মিশরেও কেউ তাঁর ক্ষতি করতে পারবে না।

আরও পড়ুনঃ প্রবাসীদের জন্য সরকারি পেনশন স্কিম! মাসে কত টাকা জমালে কত পেনশন পাবেন?

মজিবুর আরও জানান, ভুক্তভোগীদের স্থানীয় বাজারে যাতায়াত করতে নিষেধ করা হয়। তাঁদের বলা হয়, সেখানে যাঁদের দেখা যায়, তাঁরা দালালচক্রের ঘনিষ্ঠ। বিষয়টি প্রকাশ করলে মাফিয়াদের হাতে তুলে দিয়ে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

মজিবুর ইসলামের তথ্য অনুযায়ী, দালালচক্রটি প্রায় ছয় মাস ধরে ২ ভুক্তভোগীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। তাঁদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি বর্তমানে চরম মানবিক সংকটে রয়েছেন।

ক্ষুধার কারণে তাঁকে স্থানীয় বাংলাদেশি তরুণদের কাছে সাহায্য চাইতে হয়েছে। এমনকি ভিক্ষা করেও খাবার সংগ্রহ করতে হয়েছে বলে জানান মজিবুর।

সম্প্রতি স্থানীয় কয়েকজন প্রবাসী বাংলাদেশি বিষয়টি আঁচ করতে পেরে ওই বয়স্ক ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। শুরুতে ভয়ে তিনি মুখ খুলতে না চাইলেও পরে আশ্বাস পেয়ে পুরো ঘটনা ও হুমকির বিষয়টি জানান।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে মজিবুর ইসলাম জানান, তিনি দুই ভুক্তভোগীকে নিজের হেফাজতে রেখেছেন। তাঁদের পাসপোর্ট ও টাকা ফেরত দিয়ে নিরাপদে দেশে পাঠানোর ব্যবস্থা করতে মেহেদি ও সাইফুলকে চাপ দিচ্ছেন।

তবে পাসপোর্ট উদ্ধার, অর্থ ফেরত এবং দেশে ফেরানোর বিষয়ে এখনো চূড়ান্ত সমাধান হয়নি বলে ভুক্তভোগীদের বক্তব্য থেকে জানা যায়।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কায়রোর এল-মার্গ এলাকায় চানাচুর ও মুড়ি বিক্রি করেন। মাঝে মধ্যে দু-একজনকে মিশরে নিয়ে আসেন বলেও স্বীকার করেন তিনি।

তবে ইউরোপে পাঠানোর উদ্দেশ্যে কাউকে মিশরে নিয়ে আসেননি বলে দাবি করেন সাইফুল। তাঁর ভাষ্য, দুই ভুক্তভোগীর একজনকে ভিজিট ভিসায় মিশরের পিরামিড দেখানোর জন্য নিয়ে এসেছেন। মামুন নামে এক ব্যক্তি তাঁকে মেহেদির কাছে পাঠিয়েছেন বলেও জানান তিনি।

এ সময় বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ না করার অনুরোধ করেন সাইফুল।

অন্যদিকে, মেহেদি ও মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মামুনকে পাওয়া যায়নি। মেহেদি দাবি করেন, তিনি নিজেও প্রতারণার শিকার।

তাঁর ভাষ্য, মামুন তাঁকে রোমানিয়া পাঠানোর কথা বলে ৯ লাখ ২০ হাজার টাকা নিয়েছেন। দুই ভুক্তভোগী তাঁকে কোনো টাকা দেননি এবং তাঁদের আটকে রাখা বা হুমকি দেওয়ার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন মেহেদি।

তিনি আরও বলেন, মামুনের প্রতারণা বুঝতে পেরে সতর্কতামূলক ভিডিও তৈরি করেছেন। এ ঘটনায় তাঁকে অযথা জড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

দীর্ঘদিন ধরে প্রতারণা, নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগে থাকা দুই বাংলাদেশি এখন নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তাঁদের দ্রুত উদ্ধার, পাসপোর্ট ফেরত, অর্থের বিষয়ে তদন্ত এবং নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করতে মিশরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রবাসী বাংলাদেশিদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দালালচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button