এআই অবকাঠামোর চাহিদায় চীনের রপ্তানি বাড়ল ৩৫ শতাংশ
১০ মাসেই চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১.০৪ ট্রিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো নির্মাণে বিশ্বজুড়ে বিনিয়োগ বৃদ্ধির সুবাদে চীনের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা সামাল দিতে বিদেশি বাজারের ওপর চীনের নির্ভরতা আরও বেড়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে চীনের রপ্তানি বেড়েছে ৩৫ দশমিক ২ শতাংশ। সেপ্টেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৩৬ দশমিক ৩ শতাংশ। অক্টোবরে রপ্তানি প্রবৃদ্ধি অর্থনীতিবিদদের পূর্বাভাস ৩৩ দশমিক ৫ শতাংশকেও ছাড়িয়ে গেছে।
এতে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ০৪ ট্রিলিয়ন ডলারে। টানা দ্বিতীয় বছরের মতো দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করল। গত বছরের তুলনায় এবার এক মাস আগেই এই মাইলফলক অর্জিত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে এআই অবকাঠামো নির্মাণের প্রতিযোগিতা চীনের উচ্চপ্রযুক্তিপণ্যের চাহিদা বাড়িয়েছে। বিশেষ করে প্রযুক্তিপণ্য রপ্তানিতে এই প্রবৃদ্ধি বড় ভূমিকা রাখছে। তবে দেশের অভ্যন্তরে ভোগব্যয় কম এবং আবাসন খাতের দীর্ঘস্থায়ী সংকট অর্থনীতির ওপর চাপ তৈরি করছে।
অন্যদিকে, অক্টোবরে চীনের আমদানি বেড়েছে ৪১ দশমিক ৬ শতাংশ। সেপ্টেম্বরে এই প্রবৃদ্ধি ছিল ৩১ শতাংশ। আমদানির প্রবৃদ্ধিও রয়টার্সের জরিপে অর্থনীতিবিদদের ৩২ শতাংশ পূর্বাভাস ছাড়িয়ে গেছে।
চীনের বাণিজ্য উদ্বৃত্ত বাড়ায় ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে দেশটির বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়তে পারে। বিশেষ করে চীনা পণ্যের বাজার সম্প্রসারণ এবং অতিরিক্ত রপ্তানি নিয়ে ইউরোপীয় নেতাদের উদ্বেগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গেও বাণিজ্য টানাপোড়েন অব্যাহত রয়েছে। অক্টোবরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্ত কিছুটা কমে ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৩৪ দশমিক ০১ বিলিয়ন ডলার।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে চীনের পণ্যের চাহিদা বাড়লেও রপ্তানিনির্ভরতা দেশটির অর্থনীতিকে বৈশ্বিক চাহিদার ওঠানামার ঝুঁকিতে ফেলছে। বিশেষ করে এআই অবকাঠামোয় বিনিয়োগের গতি কমে গেলে চীনের রপ্তানি প্রবৃদ্ধিও চাপে পড়তে পারে।
ম্যাককুয়ারি বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের শেষ প্রান্তিকে চীনের রপ্তানি প্রবৃদ্ধি আরও বাড়তে পারে। তবে ২০২৭ সালের প্রথম প্রান্তিক থেকে তা ধীর হতে শুরু করতে পারে।
আগামী সপ্তাহে চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠকেও বাণিজ্য বিরোধ ও শুল্কনীতি গুরুত্ব পেতে পারে ।



