আন্তর্জাতিককুয়েত

কুয়েতের ডিজিটাল রূপান্তরে নতুন গতি আনছে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহারের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের নতুন যুগে প্রবেশ করছে কুয়েত। সরকারি সেবার মান উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কার্যকর করতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির ৭৯টি সরকারি প্রতিষ্ঠানে মাইক্রোসফট কোপাইলট ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ৪০ হাজারের বেশি লাইসেন্স সক্রিয় করা হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) পঞ্চম কুয়েত ডিজিটাল ট্রান্সফরমেশন কনফারেন্স-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান দেশটির সেন্ট্রাল এজেন্সি ফর ইনফরমেশন টেকনোলজির (সিএআইটি) ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজাত ইব্রাহিম।

তিনি জানান, সরকারি কোপাইলট উদ্যোগের আওতায় থাকা ৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি ইতোমধ্যে এআই প্রযুক্তি ব্যবহারের প্রাথমিক ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। এ ছাড়া এআই ব্যবহারের ১৭০টির বেশি সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে।

নাজাত ইব্রাহিম বলেন, এআই এখন শুধু পরীক্ষামূলক ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকারি প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা বাড়ানো এবং নাগরিক সেবা উন্নত করতে এর ব্যবহার বাড়ছে। তবে এ প্রযুক্তির সঙ্গে তথ্যের সুরক্ষা, সাইবার নিরাপত্তা, জবাবদিহি ও ডিজিটাল আস্থার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি আরও জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সিএআইটির প্রশিক্ষণ কর্মসূচিতে ৮ হাজার ৪৮৮ জন অংশ নিয়েছেন। পাশাপাশি ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং ও সাইবার নিরাপত্তা অবকাঠামো উন্নয়নে কাজ করছে সংস্থাটি।

অনুষ্ঠানে কুয়েতের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি রেগুলেটরি অথরিটির (সিটিআরএ) উপপ্রধান মানাল আল-মাজিদ বলেন, ডিজিটাল রূপান্তর মানে শুধু প্রযুক্তি গ্রহণ কিংবা অনলাইন সেবা চালু করা নয়; বরং এটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণের মান উন্নয়নের একটি সমন্বিত প্রক্রিয়া।

তিনি বলেন, জেনারেটিভ এআইয়ের তৈরি তথ্য সব সময় নির্ভুল নাও হতে পারে। তাই এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি তথ্য যাচাই এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

কুয়েত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অব থিংস অ্যাসোসিয়েশনের প্রধান শেখ মোহাম্মদ আহমদ আল-সাবাহ বলেন, কুয়েতের প্রয়োজন শুধু বেশি ডিজিটাল সেবা নয়, বরং এমন একটি সমন্বিত স্মার্ট ব্যবস্থা, যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলো নিরাপদে তথ্য আদান-প্রদান করতে পারবে।

তিনি আরও সতর্ক করেন, এআই ব্যবহারের সহজলভ্যতা মানেই এটি নিরাপদ নয়। বিশেষ করে রাষ্ট্রীয় অবকাঠামো ও কৌশলগত স্থাপনার সংবেদনশীল তথ্য এআই প্ল্যাটফর্মে ব্যবহারের আগে তথ্য কোথায় যাচ্ছে এবং কারা তা দেখতে পারছে, সে বিষয়ে নিশ্চিত হতে হবে।

‘ডিজিটাল ট্রান্সফরমেশন থেকে স্মার্ট নেশন’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে ওএম ইভেন্টস। এতে সহযোগিতা করছে সিএআইটি এবং অংশীদার হিসেবে রয়েছে সিটিআরএ।

সম্মেলনে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার বিষয়ে প্যানেল আলোচনা এবং তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবা প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

কুয়েতের ভিশন-২০৩৫ বাস্তবায়নের অংশ হিসেবে নাগরিক ও প্রবাসীদের জন্য আরও সহজ, দ্রুত এবং সমন্বিত সরকারি সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button