রেমিট্যান্সে সৌদি আরবের জয়জয়কার, পেছনে পড়ল যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
প্রবাসীদের পাঠানো অর্থে বাড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে প্রায় ১৩ শতাংশ। দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে।
গত অর্থবছরের একই চার মাসে এসেছিল ১ হাজার ১৪ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৩১ কোটি ৮২ লাখ ডলার।
দেশভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে সৌদি আরব থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।
দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।
শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার। এর মধ্যে কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার এসেছে।
বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের প্রথম ৪ মাসের প্রতিটিতেই প্রায় ২৮০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে।
জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। আগস্টে এই পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলারে।
সেপ্টেম্বরে আসে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। আর অক্টোবর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার।
আরও পড়ুনঃ কুয়েতে স্বর্ণের দামে ধস, দোকানে স্বর্ণ কিনতে ছুটছেন প্রবাসীরা!
সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১০ কোটি ৭৬ লাখ ডলার। আর ২০২৫ সালের অক্টোবরের তুলনায় চলতি বছরের একই মাসে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ। গত বছরের অক্টোবরে দেশে এসেছিল ২৫৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখা এবং প্রবাসীদের পরিবারের জীবনযাত্রার ব্যয় নির্বাহে এ অর্থ সহায়তা করে।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। তার আগের অর্থবছরে এ পরিমাণ ছিল প্রায় ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার। ফলে পরপর দুই অর্থবছরে প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
চলতি অর্থবছরের প্রথম ৪ মাসেও সেই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা অর্থ দেশের রেমিট্যান্স প্রবাহে বড় অবদান রাখছে।



