আন্তর্জাতিক

সৌদিতে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর ঘিরে বিতর্ক

সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। শনিবার (১৫ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের একজন কথিত অপরাধ সংঘটনের সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা রিপ্রিভ।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন ফাদেল আল-সাফওয়ানি ও জাওয়াদ কুরেইরিস। তাঁরা ২ জনই সৌদি নাগরিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানো এবং বিদেশি একটি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়াসহ একাধিক অপরাধে তাঁরা দোষী সাব্যস্ত হয়েছিলেন।

দেশটির সুপ্রিম কোর্টে তাঁদের আপিল খারিজ হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

রিপ্রিভের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন জাওয়াদ কুরেইরিস। তাঁর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগ আনা হয়েছিল। মানবাধিকার সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট বিক্ষোভের সময় তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর।

সংস্থাটি আরও অভিযোগ করেছে, নির্যাতনের মাধ্যমে কুরেইরিসের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তাঁর পরিবারের ওপর প্রতিহিংসামূলক আচরণের অংশ হিসেবে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলেও দাবি করেছে রিপ্রিভ।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ২০১১ সালের বিক্ষোভের সময় সৌদি নিরাপত্তা বাহিনীর গুলিতে কুরেইরিসের বড় ভাই নিহত হন। তাঁর আরও ২ ভাইকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।

রিপ্রিভ জানিয়েছে, ২০২৫ সালের আগস্ট থেকে সৌদি আরবে কথিত অপরাধ সংঘটনের সময় শিশু ছিল এমন ৫ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তাঁদের সবাই পূর্বাঞ্চলীয় প্রদেশের শিয়া পরিবারের সদস্য। ২০১১ সালের আরব বসন্তের সময় এবং পরবর্তী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলা করা হয়েছিল বলে দাবি সংস্থাটির।

তেলসমৃদ্ধ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দেশটির শিয়া সম্প্রদায়ের অধিকাংশ মানুষের বসবাস। দেশটিতে সুন্নি মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ।

এর আগে গত মাসেও একই প্রদেশে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগে আরও ৫ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানায় সৌদি কর্তৃপক্ষ। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দাবি, তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে ১৪ বছর বয়সে সংঘটিত অপরাধের অভিযোগে সাজা দেওয়া হয়েছিল।

রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মৃত্যুদণ্ডবিষয়ক প্রকল্পের প্রধান জিদ বাসিউনি বলেন, সৌদি আরবে ভিন্নমত প্রকাশের শাস্তি মৃত্যুদণ্ডে গড়াচ্ছে। তাঁর অভিযোগ, গত দুই বছরে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে দেখা গেছে।

সৌদি আরবে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যাও বেড়েছে। বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।

তাঁদের অধিকাংশই পূর্বাঞ্চলের বাসিন্দা। ২০২৫ সালে একই ধরনের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ৪০ জনের।

আরও পড়ুনঃ সৌদির জিজানে একের পর এক দুর্ঘটনা, একই পরিবারের ৫ জনসহ নিহত ১২

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে সৌদি আরবে সব মিলিয়ে ২১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ১০০ জন সৌদি নাগরিক এবং ১২৬ জন মাদক পাচারের অপরাধে দণ্ডিত ছিলেন। মাদক পাচারের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের ৯০ জনই বিদেশি নাগরিক।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় বিশ্বে তৃতীয় অবস্থানে ছিল সৌদি আরব। এ তালিকায় দেশটির আগে রয়েছে চীন ও ইরান।

অন্যদিকে সৌদি সরকার দাবি করে, জনশৃঙ্খলা বজায় রাখতে মৃত্যুদণ্ড প্রয়োজন। দেশটির বক্তব্য, বিচারিক প্রক্রিয়ার সব ধরনের আপিল শেষ হওয়ার পরই কেবল এ ধরনের চূড়ান্ত শাস্তি কার্যকর করা হয়।

সূত্রঃ দ্য নিউ আরব

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button