
সৌদি আরবে থাকা বাংলাদেশিদের ছবি ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। দেশটির আইন, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয় বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বিশেষ করে ছবি বা ভিডিও ধারণের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।
সংরক্ষিত কোনো এলাকা বা স্থাপনা, স্পর্শকাতর কোনো ঘটনা কিংবা সংবেদনশীল বিষয়বস্তুর ছবি বা ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া ছবি বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা দিয়েছে দূতাবাস। ফেসবুক, ইউটিউব, এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সৌদি আরবের আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো কনটেন্ট প্রকাশ বা প্রচার করা যাবে না। এমন কনটেন্ট নিজের কাছে সংরক্ষণ করা কিংবা অন্যের সঙ্গে আদান-প্রদান থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
এ ধরনের কনটেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করার ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে দূতাবাস। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের প্রকাশ করা আইনবিরোধী বা জনশৃঙ্খলাবিরোধী কনটেন্টের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রেও প্রবাসীদের সতর্ক থাকতে হবে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও ডিপ্লোমেটিক কোয়ার্টার এলাকায় চলাচলের বিষয়েও বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সেবা নিতে দূতাবাসে যাওয়ার পর কাজ শেষ করে সেখানে বা আশপাশের এলাকায় অপ্রয়োজনে অবস্থান কিংবা ঘোরাফেরা না করতে বলা হয়েছে। এসব এলাকায় অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও ধারণ করাও নিষেধ করা হয়েছে।
দূতাবাস সতর্ক করে বলেছে, এসব নির্দেশনা অমান্য করলে সৌদি আরবের প্রচলিত আইনে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশটির আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন নিশ্চিত করতে স্থানীয় আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে প্রবাসীদের দায়িত্বশীল আচরণ সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ কারণে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে দূতাবাসের নির্দেশনা মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ছবি ও ভিডিও ধারণ এবং সংবেদনশীল স্থান বা বিষয় ঘিরে যেকোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।



