
বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির বিভিন্ন অঞ্চলে ৩১২টি স্কুল খালি করা হয়েছে।
গতকাল বুধবার (১১ নভেম্বর) ই-মেইলে এসব হুমকি পাওয়ার পর শিক্ষার্থীদের দ্রুত স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়। একই ধরনের ভুয়া হুমকি পেয়েছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের শত শত শিক্ষাপ্রতিষ্ঠানও। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এখন পর্যন্ত বাস্তব কোনো হামলার আশঙ্কা পাওয়া যায়নি।
ইতালির সংবাদমাধ্যমের বরাতে দেশটির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা জানান, মোট ৩১২টি স্কুলে বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হুমকির বিষয়টি নিয়ে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মেলোনি।
রাজধানী রোমসহ দেশটির বিভিন্ন শহরে স্কুলের বাইরে শিক্ষার্থীদের অপেক্ষা করতে দেখা যায়। অনেক শিক্ষার্থী জানান, দ্রুত স্কুল ভবন খালি করায় তাঁদের ব্যক্তিগত জিনিসপত্র ভেতরেই রেখে আসতে হয়েছে। পুলিশি তল্লাশির কারণে সেগুলো নিতে পারেননি তাঁরা।
ইতালির প্রধানমন্ত্রী মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, এখন পর্যন্ত পরিচালিত তল্লাশিতে বাস্তব কোনো বিপদের ইঙ্গিত পাওয়া যায়নি। তাঁর মতে, আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব বার্তা পাঠানো হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ইতালির স্কুলপ্রধানদের সংগঠন এএনপির সভাপতি আন্তোনেলো জান্নেল্লি হুমকিগুলোকে স্পষ্টতই ভুয়া বলে উল্লেখ করেছেন। তবে আধুনিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কারণে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বড় ধরনের বিশৃঙ্খলা ও ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
এদিকে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের পুলিশও শত শত স্কুলে পাঠানো হুমকিমূলক ই-মেইল তদন্ত করছে। তবে বার্তাগুলোকে বিশ্বাসযোগ্য মনে না করায় স্কুল খালি না করার পরামর্শ দিয়েছে পুলিশ। স্কটল্যান্ডের কয়েকটি স্কুল অবশ্য সতর্কতামূলকভাবে খালি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হেরাল্ড।
পুলিশ স্কটল্যান্ড জানিয়েছে, হুমকির বার্তাগুলো উদ্বেগজনক হলেও সেগুলো বাস্তব কোনো বিপদের ইঙ্গিত দেয়—এমন তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে উত্তর আয়ারল্যান্ডের ৩০০টির বেশি স্কুলে হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। সেখানকার পুলিশও ঘটনাটিকে ভুয়া হুমকি হিসেবে তদন্ত করছে এবং জনসাধারণের জন্য ঝুঁকি কম বলে জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে বিমান, সংবাদমাধ্যম ও গুরুত্বপূর্ণ স্থাপনায় একই ধরনের ভুয়া বোমা হামলার হুমকি এবং সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকটি ইউরোপীয় দেশে সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাও রয়েছে।
এসব ঘটনার পর ইউরোপে হাইব্রিড যুদ্ধ বা প্রচলিত হামলার পাশাপাশি সাইবার ও তথ্যভিত্তিক নাশকতার আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে।



