আন্তর্জাতিক

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

হরমুজ প্রণালী পার হওয়ার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ১২ জন নাবিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনই ভারতের নাগরিক। আহত নাবিকদের ওমানের খাসাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার সকালে ওমানের উপকূলের কাছে এমটি অন পিস নামের ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় জাহাজটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ট্যাংকারটিতে ১৭ জন ভারতীয়সহ মোট ১৯ জন নাবিক ছিলেন। হামলায় আহত ১২ জনের মধ্যে ১১ জন ভারতীয়। ওমানের কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের উদ্ধার করে খাসাবে নেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে নাবিক সরবরাহকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীতে বিভিন্ন হামলায় ভারতের কয়েকজন নাবিক নিহত হয়েছেন।

নয়াদিল্লির ভাষ্য অনুযায়ী, গত মাসে একই অঞ্চলে একটি পণ্যবাহী জাহাজে হামলায় ভারতের একজন নাবিক নিহত হন।

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলার ঘটনা ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইরান। কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ব্যর্থ হওয়া কিংবা নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ার অভিযোগে বিভিন্ন জাহাজে মাঝেমধ্যে হামলা চালাচ্ছে তেহরান।

অন্যদিকে, এসব কর্মকাণ্ডের জবাবে ইরানের বন্দরগুলোর ওপর পাল্টা অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন নির্দেশনা মানতে অস্বীকৃতি জানানো জাহাজগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ, নাবিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ করার আহ্বান জানিয়েছে দেশটি।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল ও বাণিজ্য যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button