
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত করায় এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
বৃহস্পতিবার সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আইআরআইবি। খবর আনাদোলুর।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণ অংশে বিস্ফোরণগুলো ঘটেছে কয়েক মিনিট আগে। সূত্রগুলোর ধারণা, ইরানের অনুমোদন ছাড়া নির্ধারিত নৌপথের বাইরে চলাচল করতে গিয়ে তেলবাহী ট্যাংকারগুলো ওই এলাকায় পেতে রাখা সামুদ্রিক মাইনে আঘাত করে থাকতে পারে।
তবে এ ঘটনায় কতটি ট্যাংকার জড়িত, সেগুলোর পরিচয় কী, কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই বিস্ফোরণের এ খবর সামনে এল। এরই মধ্যে ইরান জাহাজগুলোকে সতর্ক করে জানিয়েছে, তেহরানের অনুমোদন ছাড়া নির্ধারিত নয় এমন নৌপথ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।



