
ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৫০টির বেশি সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এসব হামলায় ইরান-সমর্থিত হুথি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা হতাহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ডন অব ইয়েমেন’ নামের অভিযানের আওতায় হুথিদের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে।
আল-নুজাইলি আরও বলেন, স্থলবাহিনী হুথিদের প্রতিরক্ষাব্যূহ ভেঙে গুরুত্বপূর্ণ অবস্থানগুলো পুনর্দখল করেছে। একই সঙ্গে অভিযানে অর্জিত সাফল্য ধরে রাখতে সক্ষম হয়েছে তারা। নির্ধারিত সামরিক পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে।
গত রোববার ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরুর ঘোষণা দেয় ইয়েমেন সরকার। ইরান-সমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে থাকা দেশটির ভূখণ্ড পুনরুদ্ধার করাই এ অভিযানের লক্ষ্য।
তবে হামলার সংখ্যা ও হুথি যোদ্ধাদের হতাহতের বিষয়ে সরকারের এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।



