শিশুদের টিকাদান কমতেই যুক্তরাষ্ট্রে ভয়াবহ হাম পরিস্থিতি
যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছে হাম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করছে হাম বা মিজলসের সংক্রমণ। দেশটিতে রোগটিতে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৩ জন। প্রায় চার দশকের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা সর্বোচ্চ। টিকাদানের হার কমে যাওয়া এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় দুর্বলতাকে সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছে বিশেষজ্ঞরা।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে প্রথম হাম ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে স্কুলের অনুষ্ঠান, বাস্কেটবল খেলা, গির্জা, সুপারশপ, ডে-কেয়ার সেন্টারসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। একপর্যায়ে রাজ্যজুড়ে বড় ধরনের সংক্রমণ দেখা দেয়।
রয়টার্সের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের দায়িত্ব নেওয়ার পর রবার্ট এফ কেনেডি জুনিয়রের সময়ে শিশুদের টিকাদানের হার আরও কমেছে। ১৩টি অঙ্গরাজ্য ও নিউইয়র্ক সিটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালে ছোট শিশুদের সাতটি সুপারিশকৃত টিকা গ্রহণের হার গড়ে ১ দশমিক ১ শতাংশ পয়েন্ট কমেছে। ২০২০ সালের করোনা মহামারির সময়ের তুলনায় এই পতন দ্বিগুণেরও বেশি।
উটাহ অঙ্গরাজ্যে পরিস্থিতি আরও উদ্বেগজনক। সেখানে শিশুদের সাতটি সুপারিশকৃত টিকা গ্রহণের হার ২০২৫ সালে ২ দশমিক ৪ শতাংশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯ দশমিক ৬ শতাংশে। একই সময়ে হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধী এমএমআর টিকার প্রথম ডোজ গ্রহণের হার কমে হয়েছে ৮৬ দশমিক ৬ শতাংশ। অথচ ব্যাপক সংক্রমণ ঠেকাতে দুই ডোজ এমএমআর টিকার মাধ্যমে অন্তত ৯৫ শতাংশ জনগোষ্ঠীর সুরক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় হাম মোকাবিলায় স্বাস্থ্যকর্মী ও সংক্রামক রোগ বিশেষজ্ঞের সংকট দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের অর্থায়ন কমানোর কারণে উটাহর স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন স্থানীয় স্বাস্থ্য বিভাগে তিন ডজনের বেশি নার্স, মহামারি বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্যকর্মী চাকরি হারিয়েছেন। এতে সংক্রমণ শনাক্ত ও নিয়ন্ত্রণের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, টিকাবিহীন জনগোষ্ঠীর মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে যেসব শিশু বয়সের কারণে টিকা নিতে পারেনি এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
এদিকে দীর্ঘদিন হাম নিয়ন্ত্রণে রাখার সাফল্য হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০০ সালে দেশটিতে স্থানীয়ভাবে হাম সংক্রমণ নির্মূলের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক প্রাদুর্ভাবের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রের হামমুক্ত মর্যাদা প্রত্যাহার করেছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)—এমন তথ্য রয়টার্সকে জানিয়েছেন মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যান শুখাট বলেন, টিকাদানের হার কমে যাওয়া এবং জনস্বাস্থ্য ব্যবস্থায় নেতৃত্বের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামকে সাধারণ শৈশবকালীন রোগ হিসেবে দেখার সুযোগ নেই। এটি অত্যন্ত সংক্রামক এবং প্রাণঘাতী হতে পারে। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।



