
ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) গুরগাঁওয়ের সেক্টর ৫৬ এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। নিউজ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল ধ্রুব রাঠির। তবে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই তাঁকে আটক করে পুলিশ। গুরগাঁওয়ের ওই বাড়িতে পরিবারের সঙ্গে থাকেন তিনি।
নিউজ১৮ জানিয়েছে, শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটের দিকে দিল্লি পুলিশের একটি দল ধ্রুব রাঠির বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁর মা দরজা খুলে দেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ধ্রুব রাঠির বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশকর্মী জড়ো হয়েছিলেন। পরে গুরগাঁওয়ের সেক্টর ৫৬ এলাকার সেন্ট্রাল পার্ক বিহারে অবস্থিত বাড়িটি থেকে তাঁকে আটক করা হয়।
তবে ধ্রুব রাঠিকে আটকের সুনির্দিষ্ট কারণ কী, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। আটকের পর তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়েও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।



