
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিত দীপকেকে তাঁর বাসা থেকে আটক করেছে পুলিশ। একই দিন দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও পুলিশ তুলে নিয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শুক্রবার রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই দুই নেতার ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। দীপকেকে আটকের আগে তাঁর বাসায় একটি নোটিশ নিয়ে যান কনট প্লেস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নোটিশে বলা হয়, কোনো বৈধ অনুমতি ছাড়াই দীপকে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন এবং সমাবেশের ঘোষণা দিয়েছেন।
নেহা বোরাকে তুলে নেওয়ার খবর জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি এনডিটিভি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ভেরিফায়েড অ্যাকাউন্ট ‘নেহা বোরা টিম’ সন্ধ্যা ছয়টার পর একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে নেহাকে আটক করার চেষ্টা করতে দেখা যায় পুলিশকে। পোস্টের ক্যাপশনে বলা হয়, মান্ডি হাউস থেকে নির্বাচন কমিশনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ নেহাকে জোরপূর্বক আটকের চেষ্টা করে।
নেহাকে আটকের একটি ছবিও প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। ছবির ক্যাপশনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নেহাকে আটক করেন।
সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে তিরঙ্গা মার্চের আয়োজন করেছিল দলটি। জাতীয় পতাকা হাতে এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সমর্থকদের। তবে জমায়েত ঠেকাতে সকালেই কর্মসূচির স্থান সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা করে নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। পার্ক ও এর আশপাশের এলাকায় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ২৫ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়।
দুপুরের পর দিল্লি পুলিশের একটি দল নোটিশ নিয়ে অভিজিত দীপকের বাসায় যায়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখার যুক্তিতে কনট প্লেসের আশপাশে মিছিল ও সমাবেশ করতে নিষেধ করে পুলিশ। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হলে কেবল নির্ধারিত স্থানে বিক্ষোভ করার সুযোগ দেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
পুলিশ দীপকেকে আরও জানায়, কনট প্লেসে বর্তমানে ১৬৩ ধারা জারি রয়েছে। এ আদেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নোটিশ পাওয়ার পরও দীপকে কর্মসূচিতে যোগ দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে।
এদিকে, বিকেল পাঁচটার পর এএফপি প্রকাশিত কয়েকটি ছবিতে কনট প্লেসে কয়েকজনকে ভারতের জাতীয় পতাকা ওড়াতে দেখা যায়। বার্তা সংস্থাটি তাঁদের সিজেপির সমর্থক বলে উল্লেখ করেছে।



