হামলায় আহত জামায়াত নেতাকে দেখতে পঙ্গু হাসপাতালে শফিকুর রহমান

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর বরগুনা জেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি আহত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন।
শুক্রবার (১৬ অক্টোবর) হাসপাতালে গিয়ে শামীম আহসানের শারীরিক অবস্থার খোঁজ নেন শফিকুর রহমান। এ সময় ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল জোনের দায়িত্বশীল ব্যক্তিরা তাঁর সঙ্গে ছিলেন। পরে শামীম আহসানের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে উপস্থিত ব্যক্তিদের নিয়ে দোয়া করেন জামায়াতের আমির।
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুর রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, জাতীয়তাবাদী দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছেন। এর আগেও একজনের পা ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া বিভিন্ন স্থানে বাড়িঘরে হামলা, দোকানপাটে লুটপাট এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন জামায়াতের আমির। এসব ঘটনার তালিকা তাঁদের কাছে রয়েছে বলেও জানান তিনি।
শফিকুর রহমান বলেন, শামীম আহসানের ওপর হামলার ঘটনার পরপরই তিনি সরকারদলীয় চিফ হুইপকে ফোন করেছেন। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
জামায়াতের আমির বলেন, তিনি আশা করেন, সরকার এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবে। ভবিষ্যতে তাঁরা আর এ ধরনের ঘটনা দেখতে চান না। এমনকি কেউ যেন ফুলের পাপড়ি দিয়েও কাউকে আঘাত না করেন, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।
শফিকুর রহমান বলেন, ‘রাজনীতি হবে রাজনীতির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয়।’ প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ ও কর্মসূচি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশে সুস্থ ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা প্রয়োজন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, কারও কোনো বক্তব্য বা অভিযোগ থাকলে তা জাতীয় সংসদে উপস্থাপনের সুযোগ রয়েছে। এ জন্য সবাইকে সুস্থ ধারার রাজনীতি চর্চার আহ্বান জানান তিনি।



