আন্তর্জাতিক

মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ১২ তীর্থযাত্রীর

ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় ১২ ভক্ত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শস্যবোঝাই ট্রাকটি পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে অপেক্ষমাণ ভক্তদের ওপর উঠে যায়। পরে ট্রাকটি মন্দিরের বাইরের দেওয়াল ও ফটকে ধাক্কা দেয়। এতে প্রাণহানির পাশাপাশি মন্দিরের বাইরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।

গালিওর পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, রাত ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। চিন্নরের দিক থেকে আসা ট্রাকটি রাস্তার নিচু অংশে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের চাপা দেয় ট্রাকটি।

এ ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। অন্য আহত ব্যক্তিদের পাশাপাশি তাঁদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধর্মবীর সিং আরও জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন।

আকস্মিক এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খল ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিরা সবাই মন্দিরের ভক্ত ছিলেন। তাঁরা বড় একটি দল নিয়ে মন্দিরে এসেছিলেন।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button