অপরাধজাতীয়

আশুলিয়ায় ৫ লাখ ৭৯ হাজার টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে জাল নোট তৈরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও একটি পুরোনো মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি জানান, একই দিন দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের আগৈলঝাড়া থানার ফুল্লশ্রী গ্রামের মো. কামাল সরদার (৪৮) ও গৌরনদী থানার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। তাঁরা গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ভবানীপুর এলাকায় হযরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাইয়েদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পবনারটেক এলাকায় দেলোয়ার হোসেন মিন্টুর কার্যালয়ের সামনে অভিযান চালান। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, কামাল সরদারের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০০টি ও ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত নোট শক্ত করার আঠা এবং কালো রঙের একটি পুরোনো হোন্ডা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

অন্যদিকে, মানিক সরকারের কাছ থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩টি ও ৫০ টাকা মূল্যমানের ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা জাল নোটের সংখ্যা মোট ১ হাজার ৫৬০টি। এসব নোটের মোট মূল্য ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জাল টাকা দেশের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের নোটের কারণে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। জাল টাকার কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

জাল নোট তৈরি, সরবরাহ ও বাজারজাতকরণের সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button