
মাছ ধরার নৌকা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র, অস্ত্র ও সামরিক সরঞ্জাম চোরাচালান করছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, এমন অভিযোগ করেছে সৌদি সমর্থিত সামরিক জোট। এ কাজে নৌকা ব্যবহার করতে না দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে জোটটি।
গত সোমবার, ১৯ অক্টোবর, এক বিবৃতিতে সৌদি জোটের জয়েন্ট ফোর্স কমান্ড জানায়, সমুদ্রপথে চার ধরনের নৌকা ব্যবহার করে অস্ত্র চোরাচালান করা হচ্ছে।
জোটটির ভাষ্য, এ ধরনের চোরাচালান ইয়েমেনের নিরাপত্তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার পাশাপাশি দেশটির বেসামরিক মানুষের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলছে।
বিবৃতিতে নৌকার মালিকদের উদ্দেশে বলা হয়, অস্ত্র চোরাচালানের কাজে হুতি সন্ত্রাসীদের যেন তাঁদের নৌকা ব্যবহার করতে দেওয়া না হয়।
এর আগে গত সপ্তাহে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করেন, আঞ্চলিক একটি পরাশক্তির কাছ থেকে হুতিরা আধুনিক অস্ত্র তৈরির প্রযুক্তি পেয়েছে।
সৌদি জোটের আরও অভিযোগ, হুতিরা এসব অস্ত্র ভূগর্ভস্থ অবকাঠামো, সুড়ঙ্গ ও পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখছে। পরে সেসব স্থান থেকে অস্ত্র ব্যবহার করা হচ্ছে।
এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যাত্রীবাহী বিমান, সাবমেরিন ও মাছ ধরার নৌকা ব্যবহার করে হুতিদের কাছে অস্ত্র সরবরাহ করছে।



