জাতীয়প্রবাসসৌদি আরব

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ আগামী শুক্রবার ঢাকায় আনা হবে। এদিন সকাল সাড়ে আটটার দিকে মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে জেদ্দার বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঢাকার উদ্দেশে রওনা দেবে। ওই উড়োজাহাজেই শাহেদের মরদেহ আনা হবে।

শাহেদের গ্রামের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে।

গত ১০ অক্টোবর বিকেলে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৩ জনের মধ্যে শাহেদও ছিলেন। এ ঘটনায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের ওমরাহ ভিসাধারী মো. নাসরুল্লাহ বদরপুরিও নিহত হন। হামলায় আহত হন ২৭ বাংলাদেশি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরও জানিয়েছে, শাহেদের নিয়োগকারী প্রতিষ্ঠান সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানির পক্ষ থেকে তাঁর বকেয়া বেতন-ভাতা ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

মন্ত্রণালয় জানিয়েছে, জমা হওয়া অর্থ শিগগিরই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button