আন্তর্জাতিক

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

আটলান্টিক পাড়ি দিতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজদের উদ্ধারে অভিযান

আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত শনিবার (৭ নভেম্বর) সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে নৌকাটি ডুবে যায়। গতকাল রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার গভীর রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনকে জীবিত পাওয়া গেছে। তবে মৃতের সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ডাকারের সঙ্গে উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইসের মধ্যবর্তী কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির কাছে নৌকাটি ডুবে যায়। দেশটির সংবাদমাধ্যম লে সোলেইল জানিয়েছে, নিহতদের অধিকাংশই একই বিভাগের লিওনা ও থিয়েপ্পে এলাকার বাসিন্দা।

এদিকে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা দেওয়ার পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ।

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে সাম্প্রতিক বছরগুলোতে হাজারো মানুষের মৃত্যু হয়েছে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই এই পথে ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, অভিবাসীবাহী নৌকার আগমন বেড়ে যাওয়ায় শনিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দ্বীপটির প্রশাসনের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন।

সূত্র: আল জাজিরা।

সম্পর্কিত খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button