এবার ট্রেনেই যাওয়া যাবে সৌদি থেকে ওমান, চুক্তি করল ৬ দেশ
উপসাগরীয় অঞ্চলের ৬ টি দেশকে একই রেল যোগাযোগব্যবস্থার আওতায় আনতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি)।
এ লক্ষ্যে প্রায় ২ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ আন্তঃদেশীয় রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তোলার চুক্তিতে স্বাক্ষর করেছে ওমানসহ সংস্থাটির বাকি ৫ সদস্য দেশ।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কুয়েত থেকে শুরু করে সৌদি আরব, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত হয়ে ওমান পর্যন্ত বিস্তৃত হবে এই রেল যোগাযোগব্যবস্থা।
রোববার (৮ নভেম্বর) বাহরাইনের আল জহির প্রাসাদে অনুষ্ঠিত জিসিসির ৩০তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে সদস্য দেশগুলোর পরিবহনমন্ত্রীরা এ চুক্তিতে স্বাক্ষর করেন। বৈঠকে ওমানের প্রতিনিধিত্ব করেন দেশটির পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাইদ বিন হামুদ আল মাওয়ালি।
চুক্তির আওতায় ওমান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন ও কুয়েত একটি সমন্বিত রেল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হবে।
এর ফলে দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ হওয়ার পাশাপাশি আন্তঃদেশীয় বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
বাহরাইনের পরিবহনমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা বলেন, এই উদ্যোগ উপসাগরীয় দেশগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বাণিজ্য ও পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করবে। তিনি প্রকল্পটিকে উপসাগরীয় অঞ্চল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন।
এক দশকেরও বেশি সময় আগে এই রেল নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়, প্রয়োজনীয় অবকাঠামো ও আইনি কাঠামো তৈরির কারণে প্রকল্পটির অগ্রগতি সময়সাপেক্ষ হয়ে পড়ে। সাম্প্রতিক চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের পরিকল্পনাটি বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল।
এই উদ্যোগে ওমানের জন্য বিশেষ গুরুত্ব রয়েছে। দেশটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২৩৮ কিলোমিটার দীর্ঘ ‘হাফিত রেল’ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।
আরও পড়ুনঃ ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১
এই রেলপথ ওমানের সোহার বন্দর ও শিল্পাঞ্চলকে আল বুরাইমি এবং সংযুক্ত আরব আমিরাতের আল আইনের মধ্য দিয়ে আবুধাবির সঙ্গে যুক্ত করবে। প্রকল্পটির পরীক্ষামূলক কার্যক্রম ২০২৭ সালে শুরু হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে নিজেদের জাতীয় রেলওয়ে নেটওয়ার্ক চালু করেছে। ফলে দেশটির বিদ্যমান রেল অবকাঠামো ভবিষ্যতে বৃহত্তর আঞ্চলিক যোগাযোগব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে।
তবে বাহরাইনকে এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রস্তাবিত ‘কিং হামাদ কজওয়ে’। পরিকল্পনা অনুযায়ী, সড়ক ও রেলপথের মাধ্যমে এই অবকাঠামো বাহরাইনকে সৌদি আরবের সঙ্গে সংযুক্ত করবে।
জিসিসির মহাসচিব জাসেম আলবুদাইউই চুক্তিটিকে সদস্য দেশগুলোর মধ্যে একক রেল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন।
বিশ্লেষকদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমানোর পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।
বিশেষ করে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতকারী প্রবাসী কর্মী ও ব্যবসায়ীদের জন্যও ভবিষ্যতে এই রেল নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম হয়ে উঠতে পারে।



